1.jpeg)
প্রতিবারের মতো এবারেও সিনে-নগরী মুম্বইয়ে সকাল থেকে ভোটারের ঢেউ অনেক কম।
শেষ আপডেট: 20 November 2024 12:27
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্র বিধানসভা ভোটে বেলা ১১টা পর্যন্ত ১৮.১ শতাংশ এবং ঝাড়খণ্ডে ৩১.৩ শতাংশ ভোট পড়ল। প্রতিবারের মতো এবারেও সিনে-নগরী মুম্বইয়ে সকাল থেকে ভোটারের ঢেউ অনেক কম। তবে মুম্বইয়ের ভোট মানে এককথায় সেলেবদের ভিড়। রাজনৈতিক হোমড়াচোমড়া থেকে খেলা ও সিনেমা জগতের তারকাদের মেলা লেগে যায় বিভিন্ন বুথে। শুধু সাধারণ মানুষ নয়, বিখ্যাত লোকজন এবং তাঁদের পরিবারকে ফ্রেমবন্দি করতে ক্যামেরা তাক করে থাকেন চিত্রগ্রাহকরাও।
বুধবার সকালে জ্ঞানত এই প্রথম বাবাকে ছাড়া ভোট দিতে এলেন বাবা সিদ্দিকির ছেলে তথা বান্দ্রা পূর্বের এনসিপি প্রার্থী জিশান সিদ্দিকি। ভোটদান করে বেরিয়ে তিনি বলেন, এই প্রথমবার বাবাকে ছাড়া ভোট দিলাম। আজ বাবা সঙ্গে নেই, তাই একাই ভোট দিতে এসেছি। খারাপ লাগলেও ভোট তো দিতেই হবে। আমি জানি, আজকের দিনেও বাবা আমার সঙ্গে আছেন। আজ সকালে বাবার কবরস্তানে গিয়েছিলাম। আমি মনে করি, ভোটদানে সকলের অংশগ্রহণ করা উচিত।
এদিন সকাল সকাল বুথে এসে ভোট দেন লিটল মাস্টার শচীন তেন্ডুলকর। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও কন্যাও। এছাড়া অভিনেতা অক্ষয় কুমার, রাজকুমার রাও, সুনীল শেট্টি ঋতেশ দেশমুখ, ঊর্মিলা মাতন্ডকর প্রমুখ। প্রবীণ চিত্রনাট্যকার তথা সলমন খানের বাবা সেলিম খান ও তাঁর স্ত্রী সুশীলাকেও ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকতে দেখা যায়। যদিও গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে খুনে হুমকি পাওয়া সলমন খান ও বলিউড বাদশা শাহরুখ খানকে বেলা পর্যন্ত ভোট দিতে আসতে দেখা যায়নি। ভোট দিতে আসেন প্রবীণ অভিনেত্রী শুভা খোটে।
এছাড়াও সকাল সকাল ভোটদাতার তালিকায় ছিলেন কার্তিক আরিয়ান, রূপালি গাঙ্গুলি, শর্বরী, জন আব্রাহাম। রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে ভোট দিয়েছেন এনসিপির বর্ষীয়ান নেতা শারদ পাওয়ার, তাঁর ভাইপো অজিত পাওয়ার, ছেলে আদিত্য ঠাকরেকে সঙ্গে নিয়ে উদ্ধব ঠাকরে, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান শক্তিকান্ত দাসের মতো কেন্দ্রীয় সরকারি প্রখ্যাত মানুষও।