ফাইল ছবি
শেষ আপডেট: 12 February 2025 08:11
দ্য ওয়াল ব্যুরো: বুধবার মহাকুম্ভে মাঘি পূর্ণিমার মাহেন্দ্রক্ষণে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ডুব দিতে লাখো লাখো পুণ্যার্থীদের ভিড়। সময় যত গড়াচ্ছে সেই সংখ্যা লাফিয়ে বাড়ছে বলে খবর। জানা যাচ্ছে, পরিস্থিতি সামাল দিতে বর্তমানে মাথা খারাপ হওয়ার জোগাড় যোগী আদিত্যনাথ সরকারের। উল্লেক্ষ্য, অমৃতস্নানের সময় শুরুর আগে থেকেই সেখানে দিকে ভিড় জমিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন।
যদিও ভিড় সামলাতে পুলিশ এবং প্রশাসন সবসময় প্রস্তুত বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যম্নত্রী যোগী আদিত্যনাথ। জানা যাচ্ছে, মৌনী অমাবস্যায় পদপিষ্টের মত ঘটনা যাতে আর না ঘটে সেদিকে করা ঞ্জ্র রাখা হচ্ছে। ইতিমধ্যে ড্রোন দিয়ে শুরু হয়েছে কড়া নজরদারি।
তবে প্রয়াগরাজে পুণ্যস্নানে যেতে গিয়ে তীব্র যানজটের জেরে নাজেহাল হতে হচ্ছে দেশবাসীকে। সোশ্যাল মিডিয়ায় এমন একাধিক ছবি ও ভিডিও ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে প্রয়াগরাজের ৩৫ কিলোমিটার আগে থেকেই অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তা। দাঁড়িয়ে রয়েছে সারি সারি গাড়ি।
এমন পরিস্থিতিতে ট্রাফিক নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে যোগী সরকার। সরকারি তথ্য জানাচ্ছে, ইতিমধ্যে সঙ্গমে পুণ্যস্নান সেরেছেন ৪৫ কোটির বেশি মানুষ। শুধুমাত্র মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত কুম্ভে ভিড় জমিয়েছিলেন প্রায় ৭৫ লক্ষ পুণ্যার্থী।
তবে কোথাও যাতে কোনও রকম অঘটন না ঘটে তা নিশ্চিত করতে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। প্রয়াগ সঙ্গমের গঙ্গা ঘাটগুলিতে ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ঘাটে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে উচ্চ পর্যায়ের আধিকারিক এবং পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মীদের।
প্রচুর ভক্তরা ইতিমধ্যেই দাবি করেছেন, গাড়ি নিয়ে কুম্ভে যাওয়ার পথে বিহার ছাড়াতেই যানজটের শিকার হতে হচ্ছে। কাউকে কাউকে প্রায় ১২ ঘণ্টা এক জায়গায় গাড়ি নিয়ে রাত কাটাতে হয়েছে। দুর্ভোগে পড়া পুণ্যার্থীরা রাগ প্রকাশ করে বলেছেন, ত্রিবেণী সঙ্গম ঘাট নয়, পথই আপাতত মহাকুম্ভ মেলায় পরিণত হয়েছে। পুণ্যার্থীদের ক্ষোভ বাড়ছে উত্তরপ্রদেশ পুলিশের ওপর। তাঁদের অভিযোগ, পুণ্যার্থীদের কোনও কথাই শোনা হচ্ছে না। ট্রাফিক আগে ক্লিয়ার করার ব্যবস্থাও নেওয়া হচ্ছে না।
সরকারের তরফে জানানো হয়েছে, মেলা চত্বরে কোনও গাড়ি প্রবেশ করানো যাবে না। দু-চাকা থেকে চার-চাকা, সব গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আপৎকালীন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে। এদিকে ভক্তরা যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়িগুলির পার্কিং নিয়েও নতুন নিয়ম চালু করা হয়েছে। গোটা প্রয়াগরাজ শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিন বিকেল ৫টার পর থেকে শহরে বাইরের জেলা বা রাজ্য থেকে আসা গাড়ি ঢুকতে দেওয়া হবে না। মাঘি পূর্ণিমার পুণ্য তিথি শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে।