
শেষ আপডেট: 26 November 2023 18:19
দ্য ওয়াল ব্যুরো: বিহারের পর এবার মধ্যপ্রদেশ। কয়েকদিন আগেই বিহারে ট্রাক্টরের চাকায় পিষে মৃত্যু হয়েছিল এক পুলিশকর্মীর। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল মধ্যপ্রদেশের শাহদোল জেলায়। যেখানে অবৈধ বালির কারবার রুখতে গিয়ে প্রাণ গেল এক সরকারি আধিকারিকের। রাজস্ব দফতরের ওই আধিকারিককে ট্রাক্টরের চাকায় পিষে মারল বালি মাফিয়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ‘খুন’ হয়েছেন মধ্যপ্রদেশের রাজস্ব দফরের আধিকারিক প্রসন্ন সিং। গোপালপুরে সোন নদীতে গভীর রাতে চলছিল অবৈধ বালি খনন। খবর পেয়ে সেই চুরি রুখতে গিয়েই প্রাণ গেল তরুণ সরকারি আধিকারিকের।
বেশ অনেকদিন ধরেই এলাকায় বালি চুরির খবর পেয়ে শনিবার রাতে হাজির হন চার সদস্যের সরকারি আধিকারিকদের দল। হাতেনাতে অবৈধ কারবারিকে ধরতে পেরেছিলেন তাঁরা। বালি বোঝাই একটি ট্রাক্টরকে থামাতে বলেছিলেন প্রসন্ন। কিন্তু চালক না থামিয়ে আধিকারিকের উপর দিয়েই ট্রাক্টর চালিয়ে দেয়। চাকায় পিষে ঘটনাস্থলেই প্রসন্নর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেওলন্দের পুলিশ আধিকারিক রাজকুমার মিশ্র।
ঘটনার পরই পালিয়ে যায় ট্রাক্টর চালক। তদন্তে নেমে রবিবার সকালে অভিযুক্ত শুভম বিশ্বকর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। বছর পঁচিশের ওই যুবকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে ঘাতক ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবারও এলাকায় বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়। এরপর একদিন বাদে শনিবারই ওই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রসন্নের সঙ্গে থাকা আর এক রাজস্ব আধিকারিক। এদিকে রাজ্যে দিনের পর দিন বালিয়া মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে ঘুম উড়েছে প্রশাসনের। যদিও স্থানীয়দের দাবি, রাজনৈতিক নেতাদের মদতেই বালি মাফিয়াদের দাপট বাড়ছে।