ভারত ২০১৬ সালে প্রথম ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল, যা মূলত বায়ুসেনার জন্য ব্যবহৃত হয়। পরে নৌবাহিনীর জন্য আরও ২৬টি রাফাল কেনা হয়।

ভারত সফরে ফ্রান্স প্রেসিডেন্ট (ফাইল ছবি)
শেষ আপডেট: 17 February 2026 07:26
দ্য ওয়াল ব্যুরো: তিনদিনের সফরে ভারতে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (French President Emmanuel Macron)। সোমবার গভীর রাতে ফ্রান্সের 'ফার্স্ট লেডি' স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে সঙ্গে নিয়ে তিনি মুম্বইয়ে পা রাখেন। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Chief Minister Devendra Fadnavis)। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে তাঁর উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে বহু প্রতীক্ষিত রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
ঠাসা কর্মসূচি নিয়ে ভারতে ম্যাক্রোঁ
ফরাসি প্রেসিডেন্টের এই সফর নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। আজই (১৭ ফেব্রুয়ারি) মুম্বইয়ে প্রধানমন্ত্রী মোদীর (PM Modi) সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। বুধবার তিনি নয়াদিল্লিতে যাবেন, যেখানে যোগ দেওয়ার কথা রয়েছে India AI Impact Summit-এ। সম্মেলনে ভারত ও ফ্রান্সের (India-France) মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সম্ভাব্য নতুন সহযোগিতা নিয়ে আলোচনা হবে। দুই দেশই এআই গবেষণা, নিরাপত্তা ও প্রযুক্তিগত উন্নয়নে যৌথ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে আগ্রহী।
রাফাল নিয়ে বড় ঘোষণা আসতে পারে
ম্যাক্রোঁর সফরের সবচেয়ে নজরকাড়া অংশ হচ্ছে রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে সম্ভাব্য চূড়ান্ত আলোচনা (Rafale fighter jets purchase)। ভারত ১১৪টি রাফাল কেনার জন্য ৩.৬০ লক্ষ কোটি টাকার বিশাল চুক্তি করতে চলেছে—যা সামরিক ইতিহাসে অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা-কেনাকাটা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এই যুদ্ধবিমানের একটি বড় অংশই ভারতে তৈরি হবে, যা দেশীয় প্রতিরক্ষা উৎপাদন এবং ‘মেক ইন ইন্ডিয়া’-কে আরও এগিয়ে দেবে।
গত সপ্তাহে ডিফেন্স অ্যাকুইজ়িশন কাউন্সিল এই কেনার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। আন্তর্জাতিক মহলেও এই চুক্তির গুরুত্ব বিশাল। প্যারিসের Sciences Po Centre for International Studies-এর ভারত বিশেষজ্ঞ ক্রিস্টোফ জাফরেলো এই চুক্তিকে বলেছেন, “শতাব্দীর সেরা ডিল”, কারণ গত কয়েক দশকে কোনও দেশ এত বড় সামরিক চুক্তি করেনি।
বর্তমানে ভারতের হাতে কত রাফাল?
ভারত ২০১৬ সালে প্রথম ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল, যা মূলত বায়ুসেনার জন্য ব্যবহৃত হয়। পরে নৌবাহিনীর জন্য আরও ২৬টি রাফাল কেনা হয়। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬২-তে। নতুন ১১৪টি রাফাল কিনলে ভারতীয় সেনার হাতে মোট ১৭৬টি রাফাল যুদ্ধবিমান থাকবে- যা দেশকে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বাহিনীর তালিকায় আরও ওপরে নিয়ে যাবে।
দ্বিপাক্ষিক বৈঠকের পর মুম্বইয়ের রাজভবনে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (MoU) বিনিময় করবেন দুই নেতা। এরপর তাঁরা যোগ দেবেন তাজমহল প্যালেস হোটেলে আয়োজিত ‘ইন্ডিয়া–ফ্রান্স ইনোভেশন ফোরাম’-এ। সন্ধ্যায় গেটওয়ে অব ইন্ডিয়ায় ভারত-ফ্রান্স সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন তাঁরা।
সব মিলিয়ে, ম্যাক্রোঁর এই সফর ভারত-ফ্রান্স প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে চলেছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।