
শেষ আপডেট: 21 November 2023 21:40
দ্য ওয়াল ব্যুরো: সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধূরী বিএসপি’র এমপি দানিশ আলিকে ‘উগ্রবাদী’ বলে আক্রমণ করেছিলেন। ভারতের সংসদে এমন ঘটনা নজিরবিহীন বলে মত ওয়াকিবহাল মহলের। কিন্তু লোকসভার প্রিভিলেজ কমিটি অভিযোগ পাওয়ার পরও তদন্তে প্রথম থেকেই ঢিলেমি চালিয়ে যাচ্ছে।
রমেশ বিধূরী এবং দানিশ আলিকে কমিটি তলব করেছে ৭ ডিসেম্বর। তাঁদের প্রথমে ১০ অক্টোবর ডাকা হয়েছিল। অথচ বিধূরীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল ২৩ সেপ্টেম্বর। আগের দিন সংসদের বিশেষ অধিবেশন শেষ হয়। কিন্তু বিধূরী ১০ অক্টোবর যাননি। তিনি কমিটিকে চিঠি দিয়ে জানান, পাঁচ রাজ্যের নির্বাচনে প্রচারে ব্যস্ত থাকবেন তিনি। সেই কারণে যাওয়া সম্ভব নয়।
পাঁচ রাজ্যে ভোট হচ্ছে লম্বা সময় ধরে। শুরু হয়েছে ৭ নভেম্বর। শেষ হবে এ মাসের ২৫ তারিখ। ফল প্রকাশ ৩ ডিসেম্বর। তারপরও কেন ১০ ডিসেম্বর শুনানির জন্য ডাকা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে নানামহলে। বিরোধীরা মনে করছে, অভিযোগটিকে লঘু করে দেখছে প্রিভিলেজ কমিটি।
যদিও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগের তদন্তে কালক্ষেপ করেনি সংসদের এথিক্স কমিটি। মহুয়া ৫ নভেম্বরের পর যে কোনওদিন ডাকতে অনুরোধ জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, নির্বাচনী কেন্দ্রে বিজয়া ও দীপাবলী নিয়ে ব্যস্ত থাকবেন। ৫ তারিখ রাতে দিল্লি পৌঁছে যাবেন। কিন্তু এথিক্স কমিটি তাঁর অনুরোধ রাখেনি।