
উজ্জ্বলা বহির্ভূত রান্নার গ্যাসের সিলিন্ডারপ্রতি দাম হচ্ছে ৮৫৩ টাকা।
শেষ আপডেট: 7 April 2025 17:39
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সোমবার জানালেন, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আগামী মঙ্গলবার থেকে সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে বাড়ছে। এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, ১৪.২ কেজির গৃহস্থদের জন্য ব্যবহৃত সিলিন্ডারে দাম হচ্ছে ৮০৩ টাকা থেকে বেড়ে ৮৫৩ টাকা হচ্ছে। উজ্জ্বলা গ্রাহকদের রান্নার গ্যাসের দাম পড়বে ৫৫৩ টাকা এবং উজ্জ্বলা বহির্ভূত রান্নার গ্যাসের সিলিন্ডারপ্রতি দাম হচ্ছে ৮৫৩ টাকা।
শহর অনুযায়ী রান্নার গ্যাসের বর্তমান ও নতুন দাম এই রকম। নয়াদিল্লি ৮৫৩ (পুরনো দাম ৮০৩), মুম্বই ৮৫২.৫০ (৮০২.৫০), গুরুগ্রাম ৮৬১.৫০ (৮১১.৫০), বেঙ্গালুরু ৮৫৫.৫০ (৮০৫.৫০), চণ্ডীগড় ৮৬২.৫০ (৮১২.৫০), জয়পুর ৮৫৬.৫০ (৮০৬.৫০), পাটনা ৯৪২.৫০ (৮৯২.৫০), কলকাতা ৮৭৯.০০ (৮২৯.০০), চেন্নাই ৮৬৮.৫০ (৮১৮.৫০), নয়ডা ৮৫০.৫০ (৮০০.৫০), ভুবনেশ্বর ৮৭৯.০০ (৮২৯.০০), হায়দরাবাদ ৯০৫.০০ (৮৫৫.০০), লখনউ ৮৯০.৫০ (৮৪০.৫০), ত্রিবান্দ্রম ৮৬২.০০ (৮১২.০০) ও গাজিয়াবাদ ৮৫০.৫০ (৮০০.৫০) টাকা।
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সোমবারেই তোপ দাগেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এক্স বার্তায় খাড়্গে বলেন, শুধু এলপিজি গ্যাস সিলিন্ডারই বাদ পড়েছিল মোদীজি...এবার তো দ্রব্যমূল্য বৃদ্ধির চাবুক উজ্জ্বলা যোজনার গরিব মহিলাদের সঞ্চয়ের পিঠেও পড়ল। লুট, তোলাবাজি, ধোঁকা এই শব্দগুলি মোদী সরকারের সমার্থক হয়ে গিয়েছে।