ভারতীয় বংশোদ্ভূত নিরালি থাকতেন টরন্টোর এটোবিকো এলাকায়। ভারতের সামাজিক সফর শেষে লন্ডন হয়ে কানাডায় ফিরছিলেন তিনি, তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

নিরালি পটেল
শেষ আপডেট: 13 June 2025 16:26
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) মৃত্যু হয়েছে কানাডার একমাত্র যাত্রীর—৩২ বছর বয়সি নিরালি পটেল (Nirali Patel)। ভারতীয় বংশোদ্ভূত (Indian Origin) নিরালি থাকতেন টরন্টোর এটোবিকো এলাকায়। ভারতের সামাজিক সফর শেষে লন্ডন হয়ে কানাডায় (Canada) ফিরছিলেন তিনি, তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
কানাডার সংবাদমাধ্যম জানায়, নিরালির স্বামী এখন তাঁদের এক বছরের সন্তানকে নিয়ে ভারতে আসার তোড়জোড় করছেন। গতকাল, বৃহস্পতিবার আমদাবাদের আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৭১। ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে। এটিই ভারতের সাম্প্রতিককালের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা।
বিমানে কে কে ছিলেন?
১৬৯ জন ভারতীয় নাগরিক
৫৩ জন ব্রিটিশ
৭ জন পর্তুগিজ
১ জন কানাডার নাগরিক (নিরালি পটেল)
১২ জন বিমানকর্মী
এই দুর্ঘটনায় শুধু একজন যাত্রীই প্রাণে বেঁচে গিয়েছেন।
কে ছিলেন নিরালি পটেল?
নিরালি ২০১৬ সালে ভারতে ডেন্টাল ডিগ্রি অর্জন করেন। ২০১৯ সালে কানাডায় দাঁতের ডাক্তার হিসেবে লাইসেন্স পান। তিনি মিসিসাগার একটি ডেন্টাল ক্লিনিকে কাজ করতেন। মাত্র ৪-৫ দিনের জন্য ভারতে গিয়েছিলেন। তাঁর বাবা-মা ও ভাই থাকেন কানাডার ব্র্যাম্পটনে।
স্থানীয় কমিউনিটি নেতা ডন পটেল বলেন, “নিরালির ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছি, কিন্তু তিনি এতটাই ভেঙে পড়েছেন যে কিছু বলতে পারেননি। এটা একেবারেই অভাবনীয় ঘটনা।”
কানাডার শোকবার্তা
অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড এক্স-এ পোস্ট করে লিখেছেন— “নিরালি পটেলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার-পরিজন ও দুর্ঘটনায় মৃত সব মানুষের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন—“এই দুর্ঘটনার খবর শুনে আমি স্তব্ধ। কানাডার পরিবহণ মন্ত্রক ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা সমস্ত আপডেট পাচ্ছি।”
বিদেশমন্ত্রী অনিতা আনন্দ এই ঘটনাকে “ভয়ঙ্কর হৃদয়বিদারক” বলে উল্লেখ করেছেন। তিনি লেখেন— “আমাদের আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের পরিবারের পাশে আছি।”