
শেষ আপডেট: 14 December 2023 15:40
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচন এগিয়ে আনার ব্যাপারে গত কয়েক মাস ধরে অনেক জল্পনা চলেছিল সর্বভারতীয় রাজনীতিতে। এমনকী সরকারের নেতা মন্ত্রীরাও এই জল্পনা উস্কে দেন যে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভারও ভোটও হবে। কিন্তু সেই সব জল্পনায় জল ঢেলে লোকসভার ভোট সম্ভবত যথাসময়েই হতে চলেছে।
জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, কোনও অঘটন না ঘটলে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে লোকসভা নির্বাচন। ২০১৯ সালের লোকসভা ভোটের মতই সাত বা আটটি দফায় ভোটগ্রহণ হতে পারে। সাধারণত, ভোট গ্রহণ শুরু হওয়ার ৩০ দিন থেকে ৪৫ দিন আগে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন মু্খ্য নির্বাচন কমিশনার। এবারও সম্ভবত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে।
২০১৯ সালের লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল ১০ মার্চ। তার পর ১১ এপ্রিল থেকে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছিল। সাত দফার নির্বাচনের শেষ দফায় ভোট গ্রহণ হয়েছিল ১৯ মে। তার পর ২৩ মে ভোটের গণনা হয়েছিল।
লোকসভা ভোটের আগেই সমস্ত বোর্ডের পরীক্ষা শেষ করে ফেলার কথা। বাংলায় মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে। ২ থেকে ১২ তারিখ পর্যন্ত চলবে পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষাও ২৯ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। কদিন আগে সিবিএসই-ও জানিয়ে দিয়েছে তাদের দশম ও দ্বাদশ শ্রেণীর জন্য বোর্ডের পরীক্ষা ২ এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে।
কমিশন সূত্রে বলা হচ্ছে, পরীক্ষা চলাকালীন লাউড স্পিকার বাজানো যাবে না। আবার প্রথম দফার ভোট গ্রহণের আগে প্রার্থীদের ও রাজনৈতিক দলগুলিতে প্রচারের সুযোগও দিতে হবে। তাই দ্বিতীয় সপ্তাহের আগে ভোট গ্রহণ শুরু করা সম্ভব নয়। সেক্ষেত্রে মার্চ মাসের ১০-১২ তারিখ নাগাদ ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে।
ইতিমধ্যেই লোকসভা ভোট নিয়ে রাজ্যে রাজ্যে প্রস্তুতি খতিয়ে দেখতে শুরু করেছে নির্বাচন কমিশন। জানুয়ারি মাসে আপডেটেড ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার ভিত্তিতেই হবে ভোটগ্রহণ।
লোকসভা ভোটের দিকে তাকিয়ে কেন্দ্রের সরকারও প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। সংসদের শীতকালীন অধিবেশন ২২ ডিসেম্বর শেষ হবে। তার পর জানুয়ারি মাসের শেষে ফের বাজেট অধিবেশন শুরু হবে। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারবে না নরেন্দ্র মোদী সরকার। জুলাই পর্যন্ত সরকারের কাজকর্ম চালাতে অর্থ সংস্থানের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। তবে ভোট অন অ্যাকাউন্টের সময়েও প্রতিশ্রুতি ঘোষণার রীতি রয়েছে। এবারও তার অন্যথা হবে না বলেই মনে করা হচ্ছে।