
গরমে মৃত ২৭০
শেষ আপডেট: 31 May 2024 12:11
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় অবশেষে স্বস্তির বৃষ্টি নামলেও দেশের উত্তর ও পূর্বপ্রান্তের বিস্তীর্ণ এলাকা জুড়ে লু বইছে। বৃহস্পতিবার একদিনেই গরমে প্রাণ গিয়েছে ২৭০ জনের। এরমধ্যে উত্তর প্রদেশে ১৬২, বিহারে ৬৫ এবং ওডিশায় ৪৪ জন প্রাণ হারিয়েছেন। ওড়িশায় ছয় ঘণ্টার ব্যবধানে দশ জনের মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ডে মারা গিয়েছেন ১১জন।
উত্তর প্রদেশের পূর্ব ভাগের অবস্থা ভয়াবহ। গড় তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছাড়িয়েছে। বারাণসী ও আশপাশের এলাকায় লু বইছে। রাজ্যের এই অংশে ৮০জন গরমের বলি হয়েছেন। বারাণসী জেলায় মৃতের সংখ্যা ৩৪। সেখানে এখনই তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছুঁয়েছে।
এই পরিস্থিতিতে মানুষ শনিবার ভোটদানে কতটা আগ্রহ দেখাবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী কেন্দ্র বারাণসীকে আগামীকালই ভোট নেওয়া হবে। গরম থেকে প্রাণ বাঁচাতে আবহাওয়াবিদ ও চিকিৎসকেরা মানুষকে ঘর থেকে না বেরনোর পরামর্শই দিচ্ছেন। এরই মধ্যে বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দেওয়ায় সমস্যায় পড়েছে প্রশাসন। প্রশাসনের সিংহভাগ এখন ভোটের কাজে যুক্ত। ফলে তাপমাত্রাজনিত দুর্যোগ মোকাবিলা কঠিন হয়ে পড়েছে।
বিহারে মৃত ৬৫ জনের বেশিরভাগই রাজ্যের মধ্যাঞ্চলের বাসিন্দা। শনিবার ওই এলাকায় বেশ কিছু আসনে ভোট আছে। লু বইতে থাকায় কোনও দলই ভাল মত প্রচার করতে পারেনি। বহু রোড-শো, জনসভা বাতিল হয়।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন শনিবারের ভোট নিয়ে চিন্তায় পড়েছে। গরমের কারণেই ভোটদানের হার আগের দফাগুলিতে গতবারের থেকে কম হয়েছে। তাই সব দলই ভোটদানের হার বাড়াতে বাড়ি বাড়ি প্রচারে বেশি জোর দিয়েছে। নির্বাচন কমিশনও লাগাতার প্রচার চালাচ্ছে। মোবাইলে মেসেজ পাঠিয়ে ভোট দেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছে কমিশন। কিন্তু গরমে সব ওলটপালট হয়ে গিয়েছে। মানুষকে ঘর থেকে বের করাই কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা সব মহলের।