পর্যটকদের চোখের সামনে সিংহের হামলায় (Lion Attack) মৃত্যু হল চিড়িয়াখানার এক অভিজ্ঞ রক্ষীর (Zoo keeper Death)। ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা এবং এই সাফারি পার্কের (Safari Park) সিংহ মালিকানার বৈধতা নিয়ে।

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 11 September 2025 19:14
দ্য ওয়াল ব্যুরো: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের (Bangkok Zoo) সাফারি ওয়ার্ল্ডে ভয়াবহ দুর্ঘটনা। পর্যটকদের চোখের সামনে সিংহের হামলায় (Lion Attack) মৃত্যু হল চিড়িয়াখানার এক অভিজ্ঞ রক্ষীর (Zoo keeper Death)। ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা এবং এই সাফারি পার্কের (Safari Park) সিংহ মালিকানার বৈধতা নিয়ে।
ঘটনা ঘটেছে মঙ্গলবার। দেশটির বন ও বন্যপ্রাণ দফতরের বন্যপ্রাণ সুরক্ষা পরিচালক সদুদী পুনপুগডি জানান, মৃত ব্যক্তি নিয়মিত সিংহদের খাবার দিতেন। সেদিনও তিনি খাবার দিতে গিয়েছিলেন। তবে গাড়ি থেকে নামতেই একসঙ্গে ছয়-সাতটি সিংহ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে।
A zookeeper on Wed was attacked and killed by a pack of #lions at a #Bangkok #zoo, as tourists witnessed the incident and tried to intervene to save him. The shocking attack lasted about 15 minutes, with visitors attempting to intervene by honking car horns and shouting to… pic.twitter.com/8ZzsKFwXU0
— Shanghai Daily (@shanghaidaily) September 11, 2025
চিকিৎসক তাভাতচাই কানচনারিন, যিনি তখন পরিবার নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলেন, স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “আমি দেখলাম লোকটি খোলা গাড়ি থেকে নেমে পিছন ঘুরে দাঁড়িয়ে আছেন। তখনই ধীরে ধীরে একটা সিংহ এসে পিছন থেকে তাঁকে চেপে ধরে। আশ্চর্যজনক ভাবে তিনি একবারও চিৎকার করেননি।”
ওয়াইল্ডলাইফ ফ্রেন্ডস ফাউন্ডেশন থাইল্যান্ড-এর তরফে এডউইন ভিয়েক গভীর শোক প্রকাশ করে বলেন, “মানুষের হাতে বড় হলেও বন্য প্রাণীর প্রকৃত স্বভাব যে কোনও সময় প্রকাশ পেতে পারে। এই ঘটনা তার ভয়াবহ প্রমাণ।”
এক সিনিয়র চিড়িয়াখানা কর্তা জানিয়েছেন, পার্কের সব সিংহেরই সরকারি লাইসেন্স রয়েছে। মৃত ব্যক্তি তিন দশকেরও বেশি সময় ধরে এখানে সুপারভাইজারের দায়িত্বে ছিলেন। তিনি খুবই দয়ালু মানুষ ছিলেন।
প্রাণী অধিকার সংগঠন ‘পেটা’-র দাবি, এই সিংহদের কোনও দোষ নেই, তারা তাদের স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী আচরণ করেছে। তাই তাদের অবিলম্বে সাফারি পার্ক থেকে সরিয়ে কোনও অভয়ারণ্যে স্থানান্তর করা উচিত।
সাফারি ওয়ার্ল্ড নিজেদের ওয়েবসাইটে দাবি করে, এখানে দর্শনার্থীরা বাঘ, সিংহ, ভাল্লুক, জেব্রা-সহ নানা বন্যপ্রাণীর কাছাকাছি যাওয়ার সুযোগ পান। এমনকি সিংহ ও বাঘ খাওয়ানোর বিশেষ ব্যবস্থাও রয়েছে। থাইল্যান্ডে সিংহ পালন বৈধ। চিড়িয়াখানা, প্রজননকেন্দ্র, ‘পেটিং ক্যাফে’ বা ব্যক্তিগত মালিকানায় বর্তমানে দেশটিতে প্রায় ৫০০ সিংহ বন্দিদশায় আছে।