মঙ্গলবার রাত পর্যন্ত উদ্ধারকারী দল প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়েছে। অস্থায়ী ক্যাম্পে তাঁদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। যাঁরা গুরুতর জখম, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৈষ্ণোদেবীর পথে ভয়াবহ ধস
শেষ আপডেট: 27 August 2025 17:39
দ্য ওয়াল ব্যুরো: অবিরাম ভারী বৃষ্টিতে ভয়াবহ ধস নেমে বিপর্যস্ত হয়ে পড়েছে জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir)। মঙ্গলবার গভীর রাতে বৈষ্ণোদেবীর যাত্রাপথে ধস নামার ঘটনায় অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও ২৩ জন। আশঙ্কা, ধসের কবলে এখনও কিছু মানুষ আটকে রয়েছেন (Landslide hits Vaishno Devi Yatra)।
গত তিন দিন ধরে টানা বর্ষণের (Heavy Rain) জেরে রাজ্যের একাধিক এলাকায় হড়পা বান ও ভূমিধস দেখা দিয়েছে। রাস্তাঘাট ভেঙে পড়েছে, অনেক সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন, নষ্ট হয়েছে মোবাইল নেটওয়ার্ক। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে জম্মু ও রিয়াসি জেলায়।
মঙ্গলবার রাত পর্যন্ত উদ্ধারকারী দল প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়েছে। অস্থায়ী ক্যাম্পে তাঁদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। যাঁরা গুরুতর জখম, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিনদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কাটরা, জম্মু, সাম্বা, রিয়াসি, উধমপুর, ডোডা এবং কিস্তওয়ার জেলায় লাল সতর্কতা জারি হয়েছে।
দুর্যোগের কারণে বৈষ্ণোদেবী যাত্রা আপাতত বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার ধস নামতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুণ্যার্থীদের মধ্যে। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামে মন্দির কমিটি, পুলিশ ও সেনা। যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে বৃষ্টির কারণে উদ্ধারকাজে বারবার বাধা তৈরি হচ্ছে।
অন্যদিকে, হিমাচল প্রদেশের মানালিতে বিপাশা নদীর জল শহরে ঢুকে ভাসিয়ে দিয়েছে বহু এলাকা। বিপাশার ভয়ঙ্কর জলস্রোতে একটি বহুতল হোটেল একেবারে ভেসে গিয়েছে। মঙ্গলবার প্রকৃতির এই ধ্বংসলীলায় বেশ কয়েকটি দোকানও ভেঙে চুরমাচুর হয়ে গিয়েছে। মানালি-লেহ্ হাইওয়ের বিভিন্ন জায়গা ভেঙে গিয়ে আটকে বহু যানবাহন। শয়ে শয়ে মানুষ বিভিন্ন উঁচু এলাকায় আশ্রয় নিলেও চতুর্দিকে জলে ভেসে যাওয়ায় সেখানেই আটকে রয়েছেন। বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন।
একটি ভিডিওতে দেখা গেছে বিপাশা নদীর রুদ্ররূপ। যেখানে জল ফুলে-ফেঁপে উঠে চারিদিক তছনছ (Landslides) করে দিচ্ছে। একদিকে ধুয়ে গিয়েছে জাতীয় সড়ক (National Highway)। অন্যদিকে রেস্তরাঁ শের-এ-পাঞ্জাবের (Sher-e-Punjab Restaurant) দেওয়াল টুকুই রয়ে গেছে।
ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত জম্মু-কাশ্মীরে আপাতত রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে বহু ট্রেন। জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই সময়সূচি ঘোষণা করবে রেল।