
লালকৃষ্ণ আদবাণী
শেষ আপডেট: 27 June 2024 15:42
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করায় প্রবীণ বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণীকে এইমসে ভর্তি করা হয়েছিল। তবে বৃহস্পতিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, আশঙ্কার কোনও কারণ নেই।
৯৬ বছর বয়সি আদবাণী এইমসের জেরিয়াট্রিক বিভাগে ভর্তি ছিলেন। কিন্তু তাঁর ঠিক কী সমস্যা হয়েছে তা বিস্তারিতভাবে জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাঁর জন্য বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছিল। তাঁরাই জানিয়েছেন, লালকৃষ্ণ আদবাণী এখন আগের থেকে সুস্থ। তবে বাড়িতে থাকলেও তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।
তিন মাস আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লালকষ্ণ আদবাণীর বাড়িতে গিয়ে তাঁর হাতে ভারতরত্ন পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ অনেকেই নেতার বাড়িতে উপস্থিত ছিলেন সেদিন।
ভারতীয় জনতা পার্টির উত্থানের পিছনে অন্যতম কান্ডারি লালকৃষ্ণ আদবাণী। ১৯৮৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত একাধিক দফায় বিজেপি সভাপতি ছিলেন তিনি। ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রীর পদও সামলেছেন। অযোধ্যার যে রামমন্দির নিয়ে এত চর্চা, সেই রাম জন্মভূমি আন্দোলনেরও অন্যতম মুখ ছিলেন আদবাণী।