কোরালার ত্রিশূরের নতুন জুওলজিক্যাল পার্কে রাস্তার কুকুরের হামলায় ১০টি হরিণ মারা গেছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. অরুণ জাখারিয়ার নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 12 November 2025 14:49
দ্য ওয়াল ব্যুরো: সবেমাত্র উদ্বোধন হয়েছে, এশিয়া তো বটেই, ভারতেরও অন্যতম সেরা 'ডিজাইনার চিড়িয়াখানা' হিসেবে যার পরিচয়। সেই কেরালার ত্রিশূরের পুথুর জুওলজিক্যাল পার্কে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। রাস্তার কুকুরের দল ছিঁড়ে খেলো অন্তত ১০টি হরিণকে। গত ২৮ অক্টোবর উদ্বোধন হওয়া, এক মাসেরও কম সময়ের মধ্যে এমন ঘটনা পার্কটির নিরাপত্তা প্রোটোকল এবং প্রস্তুতির বিষয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডঃ অরুণ জাখারিয়ার নেতৃত্বে একটি দল মঙ্গলবার পার্কে পৌঁছেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ময়নাতদন্ত শেষ হওয়ার পরই হরিণগুলির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।
যদিও চিড়িয়াখানার ডিরেক্টর নাগরাজ এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ এই ঘটনার সঙ্গে সম্পর্কিত সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে অস্বীকার করেছে।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন গত ২৮ অক্টোবর এটি উদ্বোধন করেন। ৩৩৬ একর জমির ওপর নির্মিত এই পার্কটি ২৩টি উন্মুক্ত, প্রাকৃতিক পরিবেশে ৮০ প্রজাতির ৫৩৪টি প্রাণীর থাকার জন্য ডিজাইন করা হয়েছে।
বর্তমানে পুরনো ত্রিশূর চিড়িয়াখানার প্রাণীদের নতুন ক্যাম্পাসে নিয়ে যাওয়ার কাজ চলছে। দর্শনার্থীদের জন্য এখনই খোলা হয়নি, কেবল স্কুল ও কলেজের গ্রুপগুলির জন্য অগ্রিম বুকিং চলছে। সাধারণের জন্য উদ্বোধনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।