রাধাকৃষ্ণন সমাজসচেতন নাটকের জন্য পরিচিত। এটি ছিল তাঁর এই বিষয় নিয়ে পঞ্চম একক নাটক। তিনি বলেন, “এই অভিজ্ঞতা কোনওদিন ভুলব না।”

ফাইল ছবি
শেষ আপডেট: 6 October 2025 19:57
দ্য ওয়াল ব্যুরো: কেরলে (Kerala) পথকুকুরের (Stray Dogs) আতঙ্ক নিয়ে সচেতনতা বাড়াতে মঞ্চস্থ এক নাটকেই (Street Play) ঘটল অদ্ভুত ঘটনা। নাটকের মাঝখানে হঠাৎ মঞ্চে উঠে অভিনেতাকেই কামড়ে দিল এক পথকুকুর (Stray Dog)। ঘটনায় শোরগোল পড়ে যায় স্থানীয় এলাকায়।
ঘটনাটি ঘটেছে রবিবার, উত্তর কেরলের মায়িল গ্রামে (North Kerala)। নাট্যশিল্পী রাধাকৃষ্ণন সেদিন মঞ্চস্থ করছিলেন তাঁর নাটক ‘পেক্কালাম’ (বাংলায় অর্থ - কামড়ের সময়)। নাটকের একটি দৃশ্যে দেখানো হচ্ছিল, এক শিশুর উপর কুকুরের হামলা। সেই সময় ব্যাক গ্রাউন্ডে বাজছিল কুকুরের ঘেউঘেউ ও চিৎকারের শব্দ। ঠিক সেই সময়েই এক পথকুকুর হঠাৎ মঞ্চে উঠে আসে এবং অভিনেতার পায়ে কামড়ে দেয়।
''হঠাৎ দেখি একটা কুকুর এসে দাঁত বসিয়ে দিল আমার পায়ে,'' সংবাদমাধ্যমকে জানিয়েছেন রাধাকৃষ্ণন। কিন্তু কামড় খেয়েও থামেননি তিনি। বলেন, “লাঠি দিয়ে কুকুরটাকে তাড়িয়ে আবার অভিনয় চালিয়ে যাই। দর্শকরা ভেবেছিলেন, ঘটনাটা আসলে নাটকেরই অংশ!”
রক্তাক্ত অবস্থায় আরও ১৫ মিনিট অভিনয় চালিয়ে যান রাধাকৃষ্ণন। পরে বিষয়টি আয়োজকদের জানান এবং পারিয়ারাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। হাসতে হাসতে বলেন, “বিদ্রূপের মতো নয় কি? পথকুকুরের কামড় নিয়ে নাটক করতে গিয়ে সত্যিই কামড় খেলাম!”
রাধাকৃষ্ণন সমাজসচেতন নাটকের জন্য পরিচিত। এটি ছিল তাঁর এই বিষয় নিয়ে পঞ্চম একক নাটক। তিনি বলেন, “এই অভিজ্ঞতা কোনওদিন ভুলব না।”
কেরলে গত কয়েক বছর ধরে পথকুকুরের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। একের পর এক কামড় ও রেবিসের ঘটনা ঘটছে রাজ্যজুড়ে। রাধাকৃষ্ণনের ঘটনায় ফের সেই আতঙ্ক নতুন করে সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতায় সমস্যা আরও গভীর হচ্ছে, কার্যকর কোনও দীর্ঘমেয়াদি পদক্ষেপ এখনও নেওয়া হয়নি।