
শেষ আপডেট: 7 December 2023 13:33
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের আগে সোনাদানা, বিএমডব্লিউ দেওয়ার জন্য ক্রমশ চাপ দেওয়া হচ্ছিল। মূলত পণ বাবদ চাওয়া হচ্ছিল এ সমস্ত জিনিস। কিন্তু এতকিছু দেওয়া সম্ভব ছিল না মেয়ের বাড়ির পক্ষে। তাই সেই চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যা করলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে কেরলে।
মৃত তরুণীর নাম শাহানা (২৬)। তিনি তিরুঅনন্তপুরম মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন। স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছিলেন। কলেজের কাছেই একটি বাড়িতে ভাড়া থাকতেন। একই কলেজে পড়েন তাঁর প্রেমিকও।
তরুণীর আত্মীয়স্বজনদের অভিযোগ, ওই যুবকের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু যুবকের পরিবারের তরফ থেকে পণ বাবদ সোনাদানা, নগদ টাকা এবং বিএমডব্লিউ গাড়ি চাওয়া হয়। যা দিতে অস্বীকার করেন তরুণী। এর পরেই যুবক বিয়ে ভেঙে দেন।
তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, তরুণীর বাবা কিছু দিন আগে মারা গিয়েছেন। তিনি পশ্চিম এশিয়ায় ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। ফলে বাবাকে শেষ দেখাও তিনি দেখতে পারেননি।
তরুণীর মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত করে দেখা হবে ওই যুবকের পরিবার সত্যিই পণ চেয়েছিল কিনা। যদি তা হয় তবে তাদের বিরুদ্ধেও মামলার রুজু করা হবে এবং উপযুক্ত পদক্ষেপ করবে প্রশাসন।
তরুনী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কেরলের মহিলা কমিশন সংখ্যালঘু কমিশন স্বতন্ত্রভাবে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ওই মেডিক্যাল কলেজেও অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। তাঁকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চলছে তদন্ত।