
এদিন অতিরিক্ত দায়রা আদালতে এই সাজা ঘোষণা করা হয়।
শেষ আপডেট: 20 January 2025 12:34
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে দোষীর সাজা ঘোষণার আগেই কেরলের একটি আদালতে প্রেমিককে খুনের অপরাধে এক যুবতীকে মৃত্যুদণ্ড দিলেন বিচারক। ত্রিবান্দ্রমের একটি আদালত সোমবার গ্রীষ্মা নামে ওই যুবতীকে ফাঁসির সাজা ঘোষণা করে। সে তাঁর প্রণয়ী শরণ রাজকে বিষ খাইয়ে খুন করেছিল। তাদের রোমান্টিক সম্পর্কে ইতি টানতেই শরণকে খুনে তাকে সাহায্য করেছিল তার মা ও মামা।
এদিন অতিরিক্ত দায়রা আদালতে এই সাজা ঘোষণা করা হয়। আদালত গ্রীষ্মার মামা নির্মলকুমারন নায়ারকেও দোষী সাব্যস্ত করে তাকে জেলের সাজা ঘোষণা করেছে। মা সিন্ধুকুমারী এই মামলায় তথ্যপ্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়ে গিয়েছেন। মামলার বিবরণ অনুযায়ী, গ্রীষ্মা তাঁর প্রেমিককে বাড়িতে ডেকে এনে তাকে আয়ুর্বেদিক একটি পানীয় দিয়েছিল। যাতে কীটনাশক মেশানো ছিল। তার মা ও মামার বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ এনেছিল পুলিশ।
গ্রীষ্মার বিরুদ্ধে আদালত খুনের জন্য অপহরণ, বিষপ্রয়োগ করে খুন, খুন, তথ্যপ্রমাণ নষ্ট ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করে। মামাকে ৩ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। ২০২২ সালের ১৪ অক্টোবর এই খুনের ঘটনাটি ঘটেছিল। ২ বছরেরও বেশি সময় ধরে মামলা চলছিল। আইনজীবী সূত্রে জানা গিয়েছে, শরণ রাজ রেডিওলজিতে বিএসসি করছিলেন। ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন। অন্যদিকে, গ্রীষ্মা সাহিত্য নিয়ে পড়তেন।