
শেষ আপডেট: 27 March 2024 17:36
দ্য ওয়াল ব্যুরো: ইডি হেফাজতে ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এমনটাই দাবি আপ নেতৃত্বর।
আপের তরফে বুধবার এক বিবৃতিতে দাবি করা হয়েছে, তদন্তকারী সংস্থার হেফাজতে অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতি হয়েছে। তাঁর সুগারের মাত্রা কমে ৪৬ এ নেমে গিয়েছিল। চিকিৎসকদের মতে, যা খুবই বিপজ্জনক।
গত ২১ মার্চ রাত ৯টা নাগাদ আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে ইডি। আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ২৮ মার্চ, বৃহস্পতিবার তাঁকে ফের আদালতে তোলা হবে। সেখানে ইডি হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রীর শারীরিক অবনতির প্রসঙ্গটি তুলবে আপ।
বস্তুত, কেজরিওয়াল ডায়াবেটিস রোগে আক্রান্ত। মঙ্গলবার কেজরিওয়ালের সঙ্গে দেখা করার পর তাঁর স্ত্রী সুনীতাও এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, কেজরিওয়ালের ব্লাড সুগারের মাত্রা ওঠানামা করছিল। আপ সূত্রের দাবি, মঙ্গলবার রাত থেকেই ব্লাড সুগারের মাত্রা আরও নামতে শুরু করে। একসময় তা ৪৬ এসে নেমে যায়।
খালি পেটে সুগারের লেভেল ৮০ থেকে ৯০ আর ভরা পেটে সুগারের মাত্রা ১৩০ থেকে ১৫০ এর মধ্যে থাকলে চিন্তার বড় একটা কারণ নেই বলেই মনে করা হয়। সেখানে ৪৬ এ নেমে যাওয়া বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়। সুগার কমে যাওয়ায় শারীরিকভাবেও কিছুটা দুর্বল হয়ে পড়েছেন কেজরিওয়াল।
ইডি সূত্রের অবশ্য দাবি, দিল্লির মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে সেদিকে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ২৪ ঘণ্টাই তাঁকে সিসিটিভি ক্যামেরার নজরে রাখা হচ্ছে। রয়েছে চিকিৎসকদের পর্যবেক্ষণও।