
শেষ আপডেট: 21 February 2024 15:56
দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদী বিরোধী ইন্ডিয়া জোটে নেই অভিনেতা থেকে রাজনীতিতে যোগ দেওয়া কমল হাসান। বুধবার এক সাংবাদিক সম্মেলনে খোলসা করে একথা জানিয়ে দিলেন 'নায়কন'। এদিন তিনি বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর দল এমএনএম-এর সঙ্গে বিভিন্ন দলের জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে। যারা নিঃস্বার্থভাবে দেশের কথা ভাবে তাদের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত হাসান। তবে সাফ জানিয়ে দেন, সামন্ততান্ত্রিক রাজনীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।
কমল হাসানের দল মক্কাল নিধি মইয়ামের সপ্তম বর্ষপূর্তি ছিল এদিন। সম্প্রতি দক্ষিণী অভিনেতা বিজয়ের রাজনীতিতে যোগদানকে স্বাগত জানান তিনি। হাসান বহুদলীয় জোট ইন্ডিয়ার নৌকায় ভিড়বেন কিনা প্রশ্ন করা হয়। জবাবে বলেন, আমি তো ইতিমধ্যেই বলেছি এখন সময় এসেছে দলাদলির রাজনীতির কলঙ্ক দূর করা। আজ শুধু দেশের স্বার্থের কথা ভাবার সময় এসে গিয়েছে। যারা শুধু দেশের কথা ভাববে, আমার এমএনএম তাদের সঙ্গে হাত মেলাতে তৈরি।
এরপরেই কমল হাসান সাফ জানিয়ে দেন, যারা আঞ্চলিক সামন্ততান্ত্রিক রাজনীতি করে তাঁর দল তাদের সঙ্গে থাকবে না। তাঁর কাছে স্পষ্ট করে জানতে চাওয়া হয়, তিনি কি ইন্ডিয়া জোটে যাচ্ছেন? উত্তরে বলেন, না।
তাহলে এমএনএন কাদের সঙ্গে জোট গড়বে, এই প্রশ্নের জবাবে উত্তর ছিল, আলোচনা চলছে। কোনও সুখবর এলে প্রচারমাধ্যমকে জানিয়ে দেবেন বলে হেসে জানান। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নেতৃত্বাধীন ডিএমকের সঙ্গে লোকসভা ভোটে আসন সমঝোতার আলোচনা চলছে বলে খবর চাউর হয়। তারই পরিপ্রেক্ষিতে কমল হাসানের কাছে ইন্ডিয়া জোটে যাওয়ার বিষয়ে জানতে চান সাংবাদিকরা।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা এবং ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা ভোটে এমএনএম অংশ নিলেও তেমন কোনও দাগ কাটতে পারেনি। তার পর থেকে শুধু কমল হাসানের নামেই টিকে রয়েছে দলটি।