.webp)
শেষ আপডেট: 19 December 2023 17:33
দ্য ওয়াল ব্যুরো: বিশৃঙ্খল আচরণের অভিযোগে সোমবারই ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল সংসদ থেকে। মঙ্গলবার নতুন করে আরও ৫০ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এরই প্রতিবাদে মঙ্গলবার সংসদের বাইরে গান্ধীমূর্তির কাছে ধর্নায় বসেছিলেন সাসপেন্ড হওয়া সাংসদরা। সেখানেই হাত পা নেড়ে নানান অঙ্গভঙ্গি করে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে মিমিক্রি বা নকল করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল ওই ভিডিও। কল্যাণের ভিডিও রেকর্ড করে শ্রীরামপুরের সাংসদের সঙ্গে বিতর্গকে জড়িয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধীও। বিষয়টি জানতে পেরে এ ব্যাপারে রাজ্যসভায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। এঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়ে তিনি বলেন, “এত অধঃপতন!” একই সঙ্গে তিনি বলেন, “সাংসদদের শুভবুদ্ধির উদয় হোক।”
Most shameful to say the least and we see Mr Rahul Gandhi who wants to become PM laughing and encouraging this shameful act wherein an MP is seen making fun of the Honourable Vice President of India pic.twitter.com/8fiw7DPi5m
— Madhuvanthii (@YGMadhuvanthi) December 19, 2023
১ মিনিট ১৪ সেকেন্ডের ওই ভিডিওয় দেখা যাচ্ছে, জগদীপ ধনকড় যেভাবে কথা বলেন, অনেকটা সেই স্টাইলে দু’হাত নেড়ে নানান অঙ্গভঙ্গিতে তাঁর মিমিক্রি করছেন তৃণমূল সাংসদ কল্যাণ। বাকিরা তাড়িয়ে তাড়িয়ে কল্যাণের সেই মিমিক্রি উপভোগ করছেন। ভিডিওয় দেখা যাচ্ছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধীর মতো নেতারা কল্যাণকে উৎসাহ দিচ্ছেন। এমনকী রাহুলকে কল্যাণের ভিডিও করতেও দেখা যায়।
সূত্রের খবর, ভিডিওটি পৌঁছে যায় জগদীপ ধনকড়ের কাছেও। এরপরই রাজ্যসভায় ওই প্রসঙ্গের উত্থাপন করে কল্যাণ ও রাহুলদের কড়া সমালোচনা করেন উপ রাষ্ট্রপতি। সরাসরি কল্যাণ বা রাহুলের নাম উল্লেখ না করলেও বিরক্ত খনকড়কে বলতে শোনা যায়, “এত অধঃপতন!”
ভাইরাল হওয়া ভিডিওকে ঘিরে সোশ্যাল সাইটে ইতিমধ্যে বিতর্কের মুখে কল্যাণ এবং রাহুল। প্রশ্ন উঠছে জনপ্রতিনিধিদের এই ধরনের আচার, আচরণ নিয়েও। যদিও এ ব্যাপারে কল্যাণ বা রাহুলের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।