
ফাইল চিত্র
শেষ আপডেট: 11 November 2024 08:14
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিলেন ডিওয়াই চন্দ্রচূড়। গতকাল অর্থাৎ ১০ নভেম্বর ছিল তাঁর কর্মজীবনের শেষ দিন। আজ সোমবার রাষ্ট্রপতি ভবনে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন সঞ্জীব খান্না।
সোমবার সকাল ১০টায় রাষ্ট্রপতির উপস্থিতিতে এই দায়িত্ব তুলে নেবেন বিচারপতি। ২০২৫ সালের ১৩ মে অবসর নেবেন কর্মজীবন থেকে।
অক্টোবরের শেষেই কানাঘুষো শোনা যাচ্ছিল, সুপ্রিমকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন সঞ্জীব খান্না। তাঁর কাছেও এই খবর ওই সময় পৌঁছয়।
কে এই সঞ্জীব খান্না?
বারাখাম্বা রোডের মডার্ন স্কুল থেকে পড়াশোনা, সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল সেন্টার থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন বিচারপতি খান্না। এরপর ১৯৮৩ সালে আইনজীবী হিসেবে কেরিয়ার শুরু করেন। যুক্ত ছিলেন দিল্লির বার কাউন্সিলে। ২০০৫ সালে দিল্লি হাইকোর্টে কাজ শুরু করেন ও ২০১৯ সালে সুপ্রিম কোর্টে।
কর্মজীবনে একাধিক ক্ষেত্রে কাজ করেছেন তিনি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিলে কাজ করেছেন। এছাড়াও ৩৭০ ধারা, ইভিএম বা ইলেক্টনিক ভোটিং মেশিন-সহ একাধিক বড় মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তাঁর বাবা দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেবরাজ খান্না ও সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এইচ আর খান্নার তিনি ভাইপো।