আদিত্যপুর থানার গামহারিয়ার চিত্রগুপ্ত নগরের একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

ফাইল চিত্র
শেষ আপডেট: 24 May 2025 16:59
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসাওয়ান জেলায় এক পরিবারের চার সদস্যের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে আদিত্যপুর থানার গামহারিয়ার চিত্রগুপ্ত নগরের একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
মৃতরা হলেন কৃষ্ণ কুমার (৪০), তাঁর স্ত্রী ডলি দেবী (৩৫) এবং তাঁদের দুই নাবালিকা কন্যা। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ করছে। তদন্তকারীদের অনুমান, ক্যানসারে আক্রান্ত হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কৃষ্ণ কুমার। সেই অবসাদ থেকেই হয়তো এই মর্মান্তিক সিদ্ধান্ত।
জানা গিয়েছে, কৃষ্ণ কুমার গামহারিয়ার একটি স্টিল কারখানার সিনিয়র ম্যানেজার ছিলেন। তিনি সম্প্রতি ক্যানসারে আক্রান্ত হন, এরপর থেকেই পরিবারটি মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে প্রতিবেশীদের দাবি।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সব দিক থেকেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ফরেনসিক রিপোর্ট এবং পরিবারের ঘনিষ্ঠদের বয়ান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।