
জগদীপ ধনকড় এবং জয়া বচ্চন
শেষ আপডেট: 3 August 2024 16:34
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই নিজের নামের সঙ্গে ‘অমিতাভ’ জুড়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। এবার নিজেই নিজের পরিচয় দিলেন ”জয়া অমিতাভ বচ্চন।” শুধু বক্তব্য পেশ নয়, রীতিমতো মজার ছলে জগদীপ ধনকড়ের সঙ্গে কথা বললেন জয়া বচ্চন। যা শুনে হেসে লুটিয়ে পড়লেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়।
শুক্রবার সংসদ কক্ষে জগদীপ ধনকড়ের সঙ্গে কথা বলতে গিয়ে জয়া বলে ওঠেন, 'স্যার আমি, জয়া অমিতাভ বচ্চন আপনাকে প্রশ্ন করছি...' এটুকু বলার পরেই হেসে ফেলেন ধনকড়। তাঁর হাসি দেখে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, আপ সাংসদ রাঘব চাড্ডাও হেসে ওঠেন। হেসে ফেলেন জয়া নিজেও।
Jaya Bachchan: "Me, Jaya AMITABH BACHCHAN..."
— The Analyzer (News Updates????️) (@Indian_Analyzer) August 2, 2024
*Entire house bursts into laughter*
Jaya: ".. Your food can't digest without taking the name of Jairam Ramesh"
Dhankar: "Today, I had lunch with Jairam Ramesh along my side."
~ Jaya herself adding AMITABH in between ???????? pic.twitter.com/YnD315wI1j
কয়েক মুহূর্ত পর হাসির রোল থামতে জয়া বচ্চন বলেন, "আপনি কি আজ দুপুরের খাবার খেয়েছেন? না? আর তাই হয়তো আপনি জয়রামজির নাম বার বার নিচ্ছেন। কেননা ওঁর নাম না নিলে বোধহয় আপনার খাবার হজম হয় না।”
বেশ হালকা মেজাজে উত্তর দেন ধনকড়ও। বলেন, "আমি লাঞ্চ ব্রেকের সময় পাইনি ঠিকই। কিন্তু জয়রামজির সঙ্গে দুপুরের খাবারই খেয়েছি।’ গোটা রাজ্যসভা জুড়েই ফের হাসির রোল ওঠে। এরপরই ধনকড় বলেন, ”এই প্রথমবার আপনাকে একথাও বলতে চাই, আমি আপনার ও অমিতাভজি দুজনেরই ভক্ত।”
রাজ্যসভায় বারবারই মেজাজ হারাতে দেখা যায় জয়া বচ্চনকে। গত ২৯ জুন জয়াকে ‘জয়া অমিতাভ বচ্চন’ সম্বোধন করায় ক্ষুব্ধ হয়েছিলেন সাংসদ। তিনি বলে উঠেছিলেন, ‘স্যার, শুধু জয়া বচ্চন বললেই যথেষ্ট ছিল।’ ডেপুটি চেয়ারম্যান জানিয়েছিলেন, খাতায়-কলমে যা নাম আছে, সেটাই শুধু পড়েছিলেন তিনি। তবে জয়া বচ্চনের বক্তব্য ছিল, "মহিলারা কেন স্বামীর নামে পরিচিত হবেন, মহিলাদের কি নিজস্ব কোনও অস্তিত্ব নেই?" তবে এবার দেখা গেল উল্টো ছবি।
২০০৪ সালে রাজনীতিতে পা রাখেন অভিনেত্রী তথা অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন। সমাজবাদী পার্টির প্রতিনিধিত্ব করেন তিনি। মহিলাদের অধিকার ও সমাজ ব্যবস্থার নানা দিক নিয়ে সংসদে একাধিকবার সরব হয়েছেন তিনি।