সন্ধ্যা ৬’টা বেজে ৫২ মিনিটে যে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে, সেটি লালকেল্লা মেট্রো স্টেশনের কাছেই। সূত্রে জানা যায়, একটি সাদা গাড়িতে ট্রাফিক সিগনালে থেমে থাকা অবস্থায় বিস্ফোরণ হয়।

ফাইল ছবি
শেষ আপডেট: 11 November 2025 13:26
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (New Delhi) ঐতিহাসিক লালকেল্লার (Red Fort) সামনে ভয়াবহ বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ে এক অদ্ভুত পোস্ট। সোমবার বিকেল চারটে নাগাদ ‘রেডিট’-এ (Reddit) এক ছাত্র পোস্ট করেন, পুরনো দিল্লি এলাকায় অস্বাভাবিক পুলিশ (Police) ও সেনা (Indian Army) উপস্থিতি লক্ষ্য করেছেন তিনি। ঘণ্টা তিনেকের মধ্যেই, সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ, ঠিক সেই এলাকাতেই ঘটে বিস্ফোরণ, যাতে অন্তত ১৩ জনের মৃত্যু হয় এবং ২০-রও বেশি মানুষ আহত হন।
‘আজ দিল্লিতে কিছু হচ্ছে?’ -এই শিরোনামে পোস্টটি দ্রুত ভাইরাল (Viral Post) হয়। লেখক দাবি করেছেন, তিনি দ্বাদশ শ্রেণির ছাত্র এবং সেদিন স্কুল থেকে ফেরার পথে মেট্রোতে অস্বাভাবিক নিরাপত্তা নজর করেছেন। পোস্টে লেখা ছিল, “স্কুল থেকে ফিরছিলাম, আর দেখলাম মেট্রোতে, রাস্তায়, লালকেল্লার সামনে - যেদিকেই তাকাই পুলিশ আর সেনা। এমন আগে কখনও দেখিনি। মিডিয়াও ছিল প্রচুর। কিছু হচ্ছে নাকি আজ?”

সন্ধ্যা ৬’টা বেজে ৫২ মিনিটে যে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে, সেটি লালকেল্লা মেট্রো স্টেশনের কাছেই। সূত্রে জানা যায়, একটি সাদা গাড়িতে ট্রাফিক সিগনালে থেমে থাকা অবস্থায় বিস্ফোরণ হয়।
পোস্টটি এখন রেডিটে প্রায় দুই হাজারেরও বেশি আপভোট পেয়েছে। বহু ব্যবহারকারী বিস্মিত হয়েছেন পোস্টের সময় এবং ঘটনার মিল দেখে। একজন লিখেছেন, “ভাই অজান্তেই ভবিষ্যৎবাণী করে ফেলেছিল।” অন্য এক জনের মন্তব্য, “একদম জায়গাটা ঠিক বলেছিল!”
রেডিট ছাড়াও পোস্টটি ছড়িয়ে পড়েছে ‘এক্স’ (পূর্বতন টুইটার)-এ। বহু ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, ওই ছাত্রের পর্যবেক্ষণ কি কাকতালীয় ছিল, না কি পুলিশ আগেই কোনও নির্দিষ্ট ইনপুট পেয়ে তৎপর হয়েছিল?
অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সব দিক থেকেই তদন্ত চলছে। তিনি বলেছেন, “এনআইএ, ইন্টেলিজেন্স ব্যুরো ও দিল্লি পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা মিলিতভাবে সব দিক খতিয়ে দেখছে।”
তদন্তকারী সংস্থাগুলি এখনও পর্যন্ত ওই রেডিট পোস্টের সঙ্গে বিস্ফোরণের কোনও সরাসরি যোগের প্রমাণ পায়নি। তবে দিল্লি পুলিশের বিশেষ সেল সূত্রে খবর, অনলাইন কার্যকলাপও এখন তদন্তের আওতায় আনা হচ্ছে।
ইতিমধ্যে যে তথ্য সামনে এসেছে তাতে জানা গেছে, যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে তা একাধিকবার হাতবদল হওয়া। তদন্তকারীদের এও সন্দেহ, আত্মঘাতী হামলা হয়েছে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে ‘সন্ত্রাসবাদী হামলা’ শব্দটি ব্যবহার করা হয়নি, তবে পুলিশ ইতিমধ্যেই মামলা দায়ের করেছে ‘আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট’ (UAPA)–এর আওতায়।