
IPS Manoj Sharma
শেষ আপডেট: 17 March 2024 18:20
দ্য ওয়াল ব্যুরো: দ্বাদশের পরীক্ষায় টুকলি করেননি। তাই পাশও করতে পারেননি। বিনোদ চোপড়ার 'টুয়েলভথ ফেল' সিনেমাটি যাকে নিয়ে সেই আইপিএস অফিসার মনোজ শর্মা এবার প্রোমোশন পেলেন। মহারাষ্ট্র পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল থেকে তিনি হলেন ইন্সপেক্টর জেনারেল (আইজি)। এই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ডাকাবুকো আইপিএস অফিসার। তাঁর পোস্টে শুভেচ্ছাবার্তার ছড়াছড়ি।
যারা 'টুয়েলভথ ফেল' সিনেমাটি দেখেছেন তাঁরা জানেন, আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার লড়াই সহজ ছিল না। স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে শুয়েছেন, রাস্তায় ভিখারিদের পাশে থেকেছেন, টয়লেট পরিষ্কার পর্যন্ত করতে হয়েছে তাঁকে। বারবার ব্যর্থ হয়েও লড়াই থামাননি তিনি। তাঁর অদম্য ইচ্ছাশক্তি ও আইপিএস হওয়ার লক্ষ্য তাঁকে টেনে নিয়ে গেছে সাফল্যের দিকে। আজ তিনিই নতুন পদ পেয়ে সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে সেই খবর শেয়ার করে নিয়েছেন।
মনোজ শর্মা এক্স হ্যান্ডেলে লেখেন, ''ভারত সরকারের নির্দেশে এএসপি থেকে যে জার্নি শুরু হয়েছিল তা আজ আইজি পদে এসেছে। যারা আমার জন্য প্রার্থনা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।'' তাঁর এই পোস্টের কমেন্টে একে একে শুভেচ্ছাবার্তা জমা হচ্ছে। কেউ বলছেন, ''আপনি অনেকের অনুপ্রেরণা।'' কারও কথায়, ''আপনি এই সাফল্যের যোগ্য।'' উল্লেখ্য, ২০০৫ সালে মহারাষ্ট্র ক্যাডারের আইপিএস হন মনোজ। অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চলে নিযুক্ত হন।
ASP से शुरू हुई यात्रा आज के भारत सरकार के ऑर्डर से IG बनने तक जा पहुँची है। इस लंबी यात्रा में साथ देने के लिए मन से सभी का आभार???????? pic.twitter.com/LEITH1OVVp
— Manoj Sharma (@ManojSharmaIPS) March 15, 2024
প্রথম প্রচেষ্টাতেই ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা পাশ করে গেছিলেন মনোজ শর্মা। কিন্তু দিনে ১৫ ঘণ্টা কাজ, রাতভর পড়াশোনা, মাত্র ২ থেকে ৩ ঘণ্টা ঘুমে শরীর ভেঙে গেছিল তাঁর। তাই মেইনস পরীক্ষায় বিপুল চাপ নিতে পারেননি। পরপর তিনবার ব্যর্থ হয়েছিলেন। যদিও আশা ছাড়েননি মনোজ। চতুর্থবার তিনি সাফল্য পান।