
শেষ আপডেট: 1 February 2024 17:04
দ্য ওয়াল ব্যুরো: রাজার সঙ্গে কোন বণিক আর দ্বন্দ্ব রাখতে চায়। সবাই থাকতে চায় গুড বুকে। বাজেটের দিন শিল্পমহল তথা বণিকসভা থেকে প্রতিক্রিয়া দেওয়া দস্তুর। শিল্পপতিরাও ইদানীং সেই স্রোতে গা ভাসিয়েছেন।
বৃহস্পতিবার লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন। এই বাজেটে মোদী সরকারের গত দশ বছরের সাফল্যের কথা ছাড়া আর কোনও মেদ নেই। তিন মাসের জন্য ভোট অ্যাকাউন্ট বলতে যা বোঝায় সেটাই কপি বুকের মতো রয়েছে। কিন্তু এর পরেও হিসাবের খাতা বই দেখে শিল্পমহল থেকে হড়পা বাণের মতই প্রশংসা শোনা গেল। তাঁদের মধ্যে আবার কলকাতার ব্যবসায়ী হর্ষ গোয়েঙ্কার প্রতিক্রিয়া ‘টোটাল ফিল্মি’।
Total Filmy. ????
— सुरेन्द्र प्रताप यादव (@_SurendraP) February 1, 2024
গত দশ বছরে হর্ষের বিভিন্ন প্রতিক্রিয়া দেখে অনেকেরই ধারণা হল তিনি আঠারো আনা মোদী ভক্ত। এদিন নির্মলা সীতারামন অন্তর্বর্তী বাজেট পেশ করার পর হর্ষ টুইট করে লিখেছেন, “এই বাজেট মন্দার অ্যানিমালকে কাবু করার মতো ফাইটার। এ এমন এক বাজেট যা গদরের মতো দারিদ্রের বিরুদ্ধে এবং জওয়ানদের প্রতি বন্ধুবর, যাতে কেউ আর টুয়েলভথ ফেল না থাকে”।
#Budget2024 is a Fighter that tames the Animal of recession; is a Gadar against poverty and friendly for India’s Jawaan ensuring that no one is left 12th Fail. With measures on inclusion, education and employment for youth and welfare of the masses, Bahadur work by our Salaar FM…
— Harsh Goenka (@hvgoenka) February 1, 2024
হালফিলে বলিউডের বক্স অফিসে জওয়ান, গদর, অ্যানিমাল, ফাইটার এবং টুয়েলভথ ফেল—সবই হিট ছবি। হর্ষ গোয়েঙ্কা সেই ধামাকার সঙ্গে বাজেট প্রতিক্রিয়া জুড়ে দেওয়ায় সহজেই অনেকের নজরে পড়েছে। তাঁর টুইটে কমেন্ট করে কেউ কেউ লিখেছেন, আপনি আপনার কোম্পানির বিজ্ঞাপনের জিঙ্গল লিখতে পারেন তো!
তবে সমালোচনাও যে হয়নি তা নয়। যেমন ঋষি চৌধুরী নামে একজন তাঁর টুইটে রিপ্লাই করে বলেছেন, এ হল মানুষের চোখে ধুলো দেওয়ার মতো বাজেট। এখন মোদীর কোলে বসে থাকা মিডিয়া ও ব্যবসায়ীরা এ নিয়েই ধন্য ধন্য করবেন।
The budget is just an eyewash to fool people.
— Rishi Choudhary ???????? (@RishiRahar) February 1, 2024
Now godi media and businessmen sitting the lap of govt will brag about it.
Now the people of India are smart enough to assess and judge it.
হর্ষ গোয়েঙ্কা হলেন রমাপ্রসাদ গোয়েঙ্কার বড় ছেলে। তাঁর অন্যান্য ব্যবসার মধ্যে সিয়েট টায়ার অন্যতম। তাঁর ছোট ভাই হলেন সিইএসই-র মালিক সঞ্জীব গোয়েঙ্কা।
বাজেটে এদিন নির্মলা সীতারামন যে হিসাব নিকেশ পেশ করেছেন, তার মধ্যে একটি বিষয়ে অর্থনীতিকরা অনেকেই প্রশংসা করছেন। তা হল আর্থিক ঘাটতি তথা ফিসকাল ডেফিসিটকে বেঁধে রাখা। বাজেট ঘোষণার আগে বিশ্লেষকরা আশা করছিলেন, আর্থিক ঘাটতি ৫.৯ শতাংশের মধ্যে থাকবে। নির্মলা জানিয়েছেন, ঘাটতির পরিমাণ সেই অনুমানের তুলনায় আরেকটু ভাল, ৫.৮ শতাংশ। সেই সঙ্গে নির্মলা জানিয়েছেন, আগামী দিনে ঘাটতির পরিমাণ আরও কমিয়ে ৫.১ শতাংশে আনার লক্ষ্য রয়েছে তাঁর।
তবে অর্থনীতিকদের কেউ কেউ বলছেন, ঘাটতি কমাতে গিয়ে সামাজিক ক্ষেত্রে খরচ কমানো হয়েছে। শিক্ষায় গত বাজেট ঘোষণার তুলনায় ৮ হাজার কোটি টাকা কম খরচ হয়েছে। স্বাস্থ্যে খরচ কম হয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা। তা ছাড়া তফসিলি জাতি ও উপজাতি কল্যাণেও বাজেট ঘোষণার তুলনায় কম খরচ করা হয়েছে।
তবে হ্যাঁ বাজেটে এও দেখা যাচ্ছে, সরকার ধার করার তুলনায় কর থেকে আদায় বাড়িয়েছে। ২০২৪-২৫ আর্থিক বছরে সরকারের মোট রসদের ১৯ শতাংশ কর বাবদ আদায়ের লক্ষ্য রাখা হয়েছে। কর্পোরেট ট্যাক্স থেকে ১৭ শতাংশ, পণ্য পরিষেবা কর থেকে ১৮ শতাংশের আদায়ের লক্ষ্য রয়েছে। বাজার থেকে সংগ্রহ করতে হবে ২৮ শতাংশ অর্থ।