এয়ারলাইন্সটি জানায়, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে তাদের একাধিক আন্তর্জাতিক রুটে উড়ান সূচি পরিবর্তন এবং বাতিল করা হয়েছে।

শেষ আপডেট: 3 February 2026 16:30
দ্য ওয়াল ব্যুরো: ইরানকে ঘিরে কূটনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে (Iran tensions)। তার জেরে আন্তর্জাতিক উড়ান পরিচালনায় বড়সড় বদল আনল বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo)। মঙ্গলবার এয়ারলাইন্সটি জানায়, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে (airspace safety) অগ্রাধিকার দিয়ে তাদের একাধিক আন্তর্জাতিক রুটে উড়ান সূচি পরিবর্তন এবং বাতিল করা হয়েছে (IndiGo flight cancellation)। প্রভাবিত রুটগুলিতে পরিষেবা ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত স্থগিত থাকবে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এক পোস্টে ইন্ডিগো জানায়:
“ট্রাভেল অ্যাডভাইজরি: ইরানকে ঘিরে পরিস্থিতির পরিবর্তনশীল প্রেক্ষাপটে আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপদ এবং নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে উড়ান সূচিতে অতিরিক্ত কিছু পরিবর্তন করা হয়েছে। এই ব্যবস্থার অংশ হিসেবে তিবলিসি (Tbilisi), আলমাটি (Almaty), বাকু (Baku) এবং তাশখন্দে (Tashkent) যাতায়াতকারী ইন্ডিগোর সমস্ত উড়ান ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল করা হয়েছে।”
যাত্রীরা যাতে বিকল্প ভ্রমণের সুযোগ খুঁজতে পারেন বা নিজেদের পছন্দমতো সম্পূর্ণ রিফান্ড নিতে চান - সেই সম্পর্কিত একটি লিঙ্কও শেয়ার করা হয় বিমান সংস্থার তরফ থেকে।
তারা আরও জানিয়েছে, “পরিস্থিতি যেহেতু ক্রমাগত বদলাচ্ছে, তাই আমাদের পরিকল্পনাও নিয়মিতভাবে পর্যালোচনা করা হচ্ছে। কোনও নতুন আপডেট বা পরিবর্তন হলে তা আমাদের নির্ধারিত যোগাযোগ মাধ্যমেই জানানো হবে। আপনাদের ধৈর্য, বোঝাপড়া এবং আমাদের প্রতি আস্থা রাখার জন্য আমরা কৃতজ্ঞ।”

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা খানিকটা প্রশমনের দিকে এগোচ্ছে বলে ইঙ্গিত মিলেছে, এই সপ্তাহেই তুরস্কে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা। তবুও অনিশ্চয়তা কাটেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন। যুদ্ধজাহাজ পাঠানোর সতর্কবার্তা থেকে শুরু করে তেহরানকে দ্রুত চুক্তিতে পৌঁছনোর আহ্বান - সব মিলিয়ে উত্তেজনা বাড়িয়েছিল সেইসব মন্তব্য।
অন্যদিকে, ইরানের নেতৃত্বও সামরিক সংঘাতের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেয়নি। ইসলামিক রিপাবলিকের তরফে সতর্ক করা হয়েছে, পরিস্থিতি খারাপ হলে তা ‘আঞ্চলিক যুদ্ধে’র রূপ নিতে পারে।
এই অনিশ্চয়তার মাঝেই বিমানসংস্থাগুলি বারবার জানিয়ে দিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
ইরান উত্তেজনায় উড়ান বাতিলের নজির
সূত্রের খবর, ২৮ জানুয়ারি থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরানের আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়া। নিরাপত্তা উদ্বেগের জেরে তারা উড়ানগুলিকে ইরাকি আকাশপথ দিয়ে ঘুরিয়ে নিয়ে যায়।
এর কয়েক ঘণ্টার মধ্যেই ইন্ডিগো ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তিবলিসি, আলমাটি, তাশখন্দ এবং বাকু রুটে উড়ান বাতিলের ঘোষণা করেছিল।
X-এ এক পোস্টে ইন্ডিগো জানিয়েছিল, “ইরানকে ঘিরে পরিস্থিতির দিকে আমরা সতর্ক নজর রাখছি এবং যাত্রী-ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উড়ান পরিচালনা পর্যালোচনা করছি।”
২৬, ২৭ ও ২৮ জানুয়ারি প্রথম দফায় এই রুটগুলিতে উড়ান বাতিলের সিদ্ধান্ত নেয় ইন্ডিগো। পরে পরিস্থিতি বিবেচনা করে সেই বাতিলের মেয়াদ আরও বাড়ানো হয়, যা এখন ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত গড়িয়েছে।