দীর্ঘ আন্তর্জাতিক তল্লাশির শেষে ইন্টারপোলের সহায়তায় তামিলনাড়ু (Tamil Nadu) থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অর্জুন শর্মাকে।

নিহত তরুণী
শেষ আপডেট: 5 January 2026 14:17
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) প্রাক্তন প্রেমিকাকে খুন (Murder) করে দেশ ছাড়ার অভিযোগে অবশেষে গ্রেফতার ভারতীয় যুবক (Indian Man Arrested)। দীর্ঘ আন্তর্জাতিক তল্লাশির শেষে ইন্টারপোলের সহায়তায় তামিলনাড়ু (Tamil Nadu) থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অর্জুন শর্মাকে। নিহত তরুণী তেলুগুভাষী নিকিতা গোধিশালা।
নিখোঁজের অভিযোগ থেকেই খুনের তদন্ত
মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী ২৭ বছরের ডেটা অ্যানালিস্ট নিকিতা গোধিশালা গত ২ জানুয়ারি নিখোঁজ বলে অভিযোগ দায়ের হয়। অভিযোগ জানাতে গিয়েছিলেন তাঁর প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মাই। তিনি পুলিশকে জানান, নতুন বছরের আগের রাতে নিকিতাকে শেষবার দেখেছিলেন তিনি। কিন্তু সেই অভিযোগের দিনই আমেরিকা ছেড়ে ভারতে চলে যান অর্জুন— এতেই সন্দেহ দানা বাঁধে তদন্তকারীদের।
ফ্ল্যাটে উদ্ধার দেহ
পরের দিন, ৩ জানুয়ারি, পুলিশের তল্লাশি অভিযানে মেরিল্যান্ডের কলম্বিয়ায় অর্জুনের ভাড়া করা ফ্ল্যাট থেকে নিকিতার দেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, একাধিক ছুরিকাঘাতে খুন করা হয়েছে তরুণীকে। ঘটনাটি খুন হিসেবে নথিভুক্ত করে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় অর্জুনের বিরুদ্ধে। খুনের নেপথ্যের কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে।
কর্মজীবনে সফল ছিলেন নিকিতা
নিকিতা গোধিশালা ভেহেদা হেলথ সংস্থায় ডেটা ও স্ট্র্যাটেজি অ্যানালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতেই ওই সংস্থায় যোগ দেন তিনি এবং সম্প্রতি ‘অল-ইন অ্যাওয়ার্ড’ও পেয়েছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এলিকট সিটিতে একাই থাকতেন তিনি।
আন্তর্জাতিক সমন্বয়ে গ্রেফতারি
অর্জুন দেশ ছাড়ার পর মার্কিন ফেডারেল এজেন্সিগুলি ভারতীয় তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে। একাধিক সূত্র মারফত তাঁর অবস্থান চিহ্নিত করে ইন্টারপোলের সহায়তায় তামিলনাড়ু থেকে তাঁকে গ্রেফতার করা হয়। খুব শীঘ্রই প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গিয়েছে।
পরিবারের পাশে দূতাবাস
ঘটনায় ভারতের ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে, নিকিতার পরিবারের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে এবং সব রকম সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি ছবি নিয়ে বিভ্রান্তি কাটাতে প্রশাসন জানিয়েছে— ওই ছবিতে থাকা ব্যক্তি এই মামলার অভিযুক্ত নন। মার্কিন মুলুকে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আন্তর্জাতিক স্তরে তদন্ত এখনও চলছে।