কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ব্যাপারে এখনই কিছু ঘোষণা করা হয়নি। সাধারণত জুলাই থেকে যে বর্ধিত ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, তা এই সময়ে ঘোষণা করা হয়।

ফাইল ছবি
শেষ আপডেট: 25 September 2025 08:35
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো-দীপাবলির মরশুমে বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। রেল কর্মীদের (Railway Employees) বিরাট সুখবর দিয়েছে তাঁরা। মঞ্জুর করা হয়েছে ৭৮ দিনের বেতনের সমান প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস (পিএলবি)। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে।
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের প্রায় ১০.০৯ লক্ষ নন-গেজেটেড রেলকর্মী এই বোনাস (Bonus) পাবেন। লোকো পাইলট, গার্ড, স্টেশন মাস্টার, ট্র্যাক মেইনটেন্যান্স কর্মী, টেকনিশিয়ান, সুপারভাইজার, পয়েন্টসম্যান এবং গ্রুপ ‘সি’ কর্মীরা এর আওতায় থাকবেন। তবে আরপিএফ ও আরপিএসএফ কর্মীরা এই সুবিধা পাবেন না।
মন্ত্রিসভার অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, মোট ১ হাজার ৮৬৫.৬৮ কোটি টাকা ব্যয়ে বোনাস দেওয়া হবে। যদিও ৭৮ দিনের বোনাসের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৯৫১ টাকা। গত বছরও একই অঙ্কে বোনাস পেয়েছিলেন প্রায় ১১ লক্ষ কর্মী। এবার সুবিধাভোগীর সংখ্যা কিছুটা কম হলেও অর্থের পরিমাণ অপরিবর্তিত।
তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বৃদ্ধির ব্যাপারে এখনই কিছু ঘোষণা করা হয়নি। সাধারণত জুলাই থেকে যে বর্ধিত ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, তা এই সময়ে ঘোষণা করা হয়। গতবার রেলকর্মীদের বোনাসের ঘোষণা করার পরই ডিএ বাড়ানো হয়েছিল। এবারও তেমন কিছুর আশা রাখছেন অনেকেই। যদিও আদতে ডিএ বাড়ানো হবে কিনা, সে ব্যাপারটি নিশ্চিত নয়।
আর বোনাস প্রসঙ্গে রেল মন্ত্রক জানাচ্ছে, কর্মীদের অসাধারণ পরিশ্রম ও কর্মক্ষমতার স্বীকৃতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের মরশুমে এর ফলে কর্মীদের হাতে বাড়তি অর্থ পৌঁছবে, যা সরাসরি তাঁদের ক্রয়ক্ষমতা বাড়াবে। সরকারের আশা, এর ফলে বাজারে চাহিদা বাড়বে এবং উৎসবকেন্দ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।