AAIB-এর রিপোর্টে দাবি করা হয়েছিল, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে উড়ানের কিছু সেকেন্ডের মধ্যেই ফুয়েল কন্ট্রোল সুইচ ‘RUN’ থেকে ‘CUTOFF’-এ ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

ফাইল ছবি
শেষ আপডেট: 17 July 2025 11:09
দ্য ওয়াল ব্যুরো: গত ১২ জুন আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) তদন্ত নিয়ে ফের বিতর্ক। গত সপ্তাহে কেন্দ্রীয় বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (AAIB) যে প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে, তা ঘিরে ক্ষোভ প্রকাশ করল ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস (FIP)।
পাইলটদের (Pilots) সংগঠনের অভিযোগ, তদন্তে পাইলটদের কোনও প্রতিনিধি রাখাই হয়নি। তার ওপর প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে পাইলটদের ভুল ধরে নেওয়াটা ‘অসম্পূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন’।
বিবৃতিতে বলা হয়েছে, “সম্পূর্ণ, স্বচ্ছ এবং তথ্যভিত্তিক তদন্তের আগে পাইলটদের ওপর দোষ চাপানো অনুচিত। এর ফলে শুধু দক্ষ পাইলটদের পেশাদারিত্ব প্রশ্নের মুখে পড়ে না, তাদের পরিবার ও সহকর্মীরাও অযথা মানসিক চাপে পড়েন।”
প্রসঙ্গত, AAIB-এর রিপোর্টে দাবি করা হয়েছিল, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে উড়ানের কিছু সেকেন্ডের মধ্যেই ফুয়েল কন্ট্রোল সুইচ ‘RUN’ থেকে ‘CUTOFF’-এ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। রিপোর্টে আরও উল্লেখ, দুই পাইলট সুমিত সাবরওয়াল ও ক্লাইভ কুন্দারের কথোপকথনে একজন প্রশ্ন করেন, “কেন কেটে দিলে?” অন্যজন উত্তর দেন, “আমি করিনি!”
এই তথ্য প্রকাশ্যে আসতেই পাইলটদের ভূমিকা নিয়ে নানা জল্পনা ছড়ায়। তবে এফআইপি-র দাবি, “রিপোর্টটি সম্পূর্ণ নয়। কিছু নির্বাচিত ককপিট ভয়েস রেকর্ডিংয়ের ব্যাখ্যা দিয়ে পাইলটদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, অথচ পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হয়নি।”
সংগঠনের আরও বক্তব্য, “এই ধরনের আংশিক তথ্য প্রকাশ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। কারও প্রতি অবিচার যাতে না হয়, তার জন্য অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ তদন্তের। তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়।”
এদিকে, AAIB-এর রিপোর্ট সামনে আসার পর, ডিজিসিএ-র পক্ষ থেকে বোয়িং বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচের লকিং মেকানিজম খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। এয়ার ইন্ডিয়া পরে জানিয়েছে, তাদের ইঞ্জিনিয়ারিং টিম সেই পরীক্ষা সম্পন্ন করেছে। বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও সমস্যা পাওয়া যায়নি বলেও জানায় সংস্থা।
উল্লেখ্য, ১২ জুনের ওই দুর্ঘটনায় অন্তত ২৭০ জনের মৃত্যু হয়। ঘটনা নিয়ে এখনও চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি।