স্ত্রীর শেষ ইচ্ছে পূরণ করেছিলেন অর্জুন। স্থানীয় আত্মীয়দের সঙ্গে দেখা করে কার্যত শেষবারের মতোই ভারত ছাড়ছিলেন তিনি।

ফাইল ছবি
শেষ আপডেট: 13 June 2025 15:41
দ্য ওয়াল ব্যুরো: দেশের ইতিহাসের অন্যতম বড় বিমান দুর্ঘটনা বৃহস্পতিবার ঘটে গেছে গুজরাটের আমদাবাদে (Ahmedabad Plane Crash)। ২৬৫ জনের মৃত্যু হয়েছে এয়ার ইন্ডিয়ার (Air India Flight) বিমান বিপর্যয়ে। মৃতদের মধ্যে কেউ লন্ডন যাচ্ছিলেন পড়াশোনার জন্য, কেউ আবার চাকরিতে যোগ দিতে, আবার কেউ সেখানে স্থায়ী বসবাসের জন্য। কিন্তু প্রবাসী ভারতীয় (ndian Origin Man) অর্জুন মনুভাই পাটলিয়ার গল্পটা একটু আলাদা। তিনি লন্ডন থেকে ভারতে এসেছিলেন সম্পূর্ণ ভিন্ন কারণে। তবে আর ফেরা হল না।
মাত্র ১ সপ্তাহ আগে অর্জুনের স্ত্রী ভারতীবেন প্রয়াত হয়েছেন। তাঁরা আদতে ছিলেন গুজরাটের আমরেলি জেলার বাসিন্দা। ভারতীবেনের শেষ ইচ্ছে (Last Wish) ছিল, নিজের দেশ ভারতেই তাঁর অস্থি বিসর্জন করা হোক। অর্জুন যেন শেষ একবার তাঁদের গ্রামের বাড়িতে যান, আর নর্মদা নদীতে তাঁর অস্থি ভাসিয়ে দিন। স্ত্রীর শেষ ইচ্ছে পূরণ করতেই ভারতে এসেছিলেন ৩৬ বছরের যুবক। এয়ার ইন্ডিয়ার যে বিমান ভেঙে পড়েছে তাতে চড়েই বাড়ি ফেরার কথা ছিল অর্জুনের।
স্ত্রীর শেষ ইচ্ছে পূরণ করেছিলেন অর্জুন। স্থানীয় আত্মীয়দের সঙ্গে দেখা করে কার্যত শেষবারের মতোই ভারত ছাড়ছিলেন তিনি। লন্ডনে নিজের বাড়িতে তাঁর জন্য অপেক্ষা করছিল চার এবং আট বছর বয়সি দুই মেয়ে। ভাইপোর কাছেই তাঁদের রেখে ভারতে এসেছিলেন অর্জুন। কিন্তু এক লহমায় সব শেষ। লন্ডনগামী বিমানে তো উঠেছিলেন, কিন্তু নিজের বাড়ি, নিজের মেয়েদের কাছে আর ফিরতে পারলেন না তিনি।
দেশের তো বটেই বিশ্বের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনার একটি আমদাবাদে বিমান ভেঙে পড়ার ঘটনা। দুর্ঘটনার পরই তদন্ত শুরু করেছে ডিজিসিএ এবং অন্যান্য তদন্তকারী সংস্থা। তবে তদন্তের চূড়ান্ত ফলাফল পেতে এখনও সময় লাগবে। কারণ 'ব্ল্যাক বক্স' এখনও উদ্ধার হয়নি। বিমানের ধ্বংসস্তূপের মধ্যে থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করতে কাজ চালাচ্ছে বিশেষজ্ঞ দল। তবে দুর্ঘটনাস্থলে ব্যাপক আগুন ও ধ্বংসস্তূপ ছড়িয়ে থাকার কারণে উদ্ধারকাজ বেশ কঠিন বলেই মনে করা হচ্ছে।
এই বিমান দুর্ঘটনায় ২৩০ জন যাত্রীর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন। একজন যাত্রী ছাড়া সকলেই মারা গেছেন।