
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 23 March 2025 12:07
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় বন্দুকবাজের গুলিতে অতর্কিতে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তির। ওই হামলায় মৃত্যু হয়েছে তাঁর মেয়েরও। বৃহস্পতিবার সকালে একটি ডিপার্টমেন্টাল স্টোরে ঘটনাটি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত জর্জ ফ্রেজিয়ার ডেভন ওয়ার্টন (৪৪) ওইদিন সকালে ভার্জিনিয়ার অ্যাকোম্যাক কাউন্টির ওই দোকানটি মদ কিনতে যান। তিনি জানতে চান কেন দোকান রাতে বন্ধ থাকে। এরপরই গুলি চালিয়ে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৬ বছর বয়সি প্রদীপ পটেলের। গুরুতর জখম হন তাঁর মেয়ে উর্মি (২৪)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, পরে তিনিও মারা যান।
প্রদীপ পটেল, তাঁর স্ত্রী হংসাবেন ও মেয়ে উর্মি গুজরাতের মহসানা জেলার বাসিন্দা। প্রায় ছয় বছর আগে তাঁরা যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে এক আত্মীয়, পরেশ পটেলের মালিকানাধীন স্টোরে কাজ করছিলেন। পরেশ স্থানীয় সংবাদমাধ্যম ওয়েভি টিভিকে এবিষয়ে বলেন, 'আমার ভাইয়ের স্ত্রী ও তাঁর বাবা কাজ করছিলেন দোকানটিতে। হঠাৎ এক ব্যক্তি এসে গুলি চালিয়ে দিল। আমি কিছুই বুঝতে পারছি না, কী করব।' এদিকে প্রদীপ পটেলের কাকা চান্দু পটেল জানান, তাঁরা প্রথমে স্থানীয় সংবাদমাধ্যম ও একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে ঘটনার কথা জানতে পারেন। পরে পরিবারের সঙ্গে কথা বললে পুরোটা পরিষ্কার হয়।
পরিবারের তরফে জানানো হয়েছে, নিহত প্রদীপের আরও দুই মেয়ে রয়েছে। তাঁদের একজন কানাডায় ও অন্যজন আহমেদাবাদে থাকেন। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ওয়ার্টনের বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ এনেছে। অস্ত্র আইন লঙ্ঘন ও অন্যান্য গুরুতর অপরাধের ধারাতেও মামলা দায়ের করা হয়েছে।
কয়েক মাস আগেই উত্তর ক্যারোলিনায় এক ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী মৈনাক পটেল ডাকাতির সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পর পর এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সেদেশে থাকা ভারতীয়দের মধ্যে। তাঁরা প্রশ্ন তুলছেন নিরাপত্তা নিয়েও।