
প্রতীকী ছবি
শেষ আপডেট: 15 March 2025 18:23
দ্য ওয়াল ব্যুরো: দেশে প্রতি মাসে জলাতঙ্কে চারজনের বেশি মানুষের মৃত্যু হয়। ২০২৪ সালের একটি সমীক্ষায় এই তথ্য ধরা পড়েছে। শুধু এই হিসাবেই নয়, ২০২২ সালের তুলনায় ২০২৪ সালে জলাতঙ্কে মৃত্যুর হার আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি পরিসংখ্যান জানাচ্ছে, ২০২২ সালে জলাতঙ্কে দেশে ২১ জনের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালে সেখানে জলাতঙ্কে মৃত্যু হয়েছে ৫৪ জনের।
পরিসংখ্যানে ধরা পড়েছে গতবছর যে ৫৪ জন জলাতঙ্কে ভুগে মারা গিয়েছেন, তাঁদের মধ্যে ১৪ জনই মহারাষ্ট্রের। ২০২২ সাল থেকে জলাতঙ্কে মৃতের সংখ্যায় এই রাজ্যই শীর্ষে রয়েছে। জলাতঙ্ক বৃদ্ধির কারণ হল পথকুকুর সহ পোষ্য কুকুরের কামড়ের সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়া। ২০২২ সালে ২১.৮০ লক্ষ কুকুরে কামড়ের ঘটনা লিপিবদ্ধ হয়েছে। তারমধ্যে জলাতঙ্ক হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। ২০২৪ সালে কুকুরে কামড়ের ঘটনা দাঁড়ায় ২১.৯৫ লক্ষ। যাতে মৃত্যু হয় ৫৪। ২০২৩ সালে ৩০.৪৩ লক্ষ কুকুরে কামড়ানোর ঘটনা ঘটলেও মৃত্যু হয় ৫০ জনের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে সারা দুনিয়ায় যতজন জলাতঙ্কে মারা যান তার মধ্যে ভারতে মৃত্যুর হার ৩৬ শতাংশ। তাতে আরও উল্লেখ করা হয়েছে, এর মধ্যে ৩০-৬০ শতাংশ জলাতঙ্ক রোগ এবং মৃত্যু ঘটে থাকে ১৫ বছরের নীচে নাবালকদের ক্ষেত্রে। উল্লেখ্য অধিকাংশ ক্ষেত্রেই তা লিপিবদ্ধ হয় না, বলে উল্লেখ করেছে স্বাস্থ্য সংস্থা। ২০২৪ সালে ৫.১৯ লক্ষ কুকুরে কামড়ানোর ঘটনা ঘটেছে অনূর্ধ্ব ১৫ বছরের নাবালকের উপর। এরই মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক লক্ষ্যমাত্রা নিয়েছে যে, ২০৩০ সালের মধ্যে দেশকে জলাতঙ্ক রোগমুক্ত করে তোলা হবে।