
গরমে দেশে বেড়েছে হিটস্ট্রোকের সংখ্যা - প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 July 2024 06:57
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছর যে গরম পড়েছে তা বহু বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। জুলাই মাস শেষ হতে চলল তবু তাপমাত্রার পারদ যেন একটুও নীচে নামতে চাইছে না। তবে এই বছরের গরম ঠিক কতটা মারাত্মক তা বোঝা যাচ্ছে রাষ্ট্রসংঘের একটি রিপোর্টে। তারা দাবি করেছে, গরমের কারণে ভারতেই শুধুমাত্র হিটস্ট্রোকের সংখ্যা ৪০ হাজার ছুঁয়েছে! মৃত্যুও হয়েছে অনেকের।
রাষ্ট্রসংঘের 'কল টু অ্যাকশন অন এক্সট্রিম হিট' রিপোর্ট বলছে, ৩০ জুন পর্যন্ত ভারতে কার্যত তাণ্ডব চালিয়েছে গরম। এই সময়ের মধ্যে দেশে অন্তত ৪০ হাজারটি হিট স্ট্রোকের ঘটনা ঘটেছে এবং তাতে প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি! তবে সমস্যা যে শুধু ভারতের তা নয়। বিশ্বের বহু দেশ অতিরিক্ত গরমের কারণে ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে গেছে। এই রিপোর্টে এও দাবি করা হয়েছে, বিগত মাত্র ১০০ দিনে আমেরিকা, জাপান, ভারত, সৌদি আরবের মতো দেশে রেকর্ড সৃষ্টি করেছে তাপমাত্রা।
এই গরমের মাত্রা কতটা ছিল এবং তা কত ক্ষতি করেছে তা দেখার জন্য একজোট হয়ে কাজ করেছে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা, রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচি, বিশ্ব আবহাওয়া সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আরও একাধিক দফতর। তাঁদের অনুমান, ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে প্রতি বছর অন্তত ৪ লক্ষ ৯০ হাজার মানুষের মৃত্যু হয়েছে হিটস্ট্রোকের কারণে। এগুলির মধ্যে ৪৫ শতাংশ এশিয়া এবং ৩৬ শতাংশ ইউরোপের ঘটনা।
শুধু মৃত্যু নয়, আরও একাধিকভাবে অতিরিক্ত তাপমাত্রার বৃদ্ধি ক্ষতি করেছে বিশ্বকে। বহু দেশে ভয়ঙ্কর গরমের কারণে কর্মক্ষমতা হ্রাস পেয়েছে। পাশাপাশি বহু দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে অত্যাধিক শ্রমিকের মৃত্যুতে। এমনিতেই এক রিপোর্টে উঠে এসেছে, ২০২৪ সালের জুন মাস ছিল এত বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম। জুন মাসে গড় তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি বেশি।