ভোটার তালিকা সংশোধনকে (electoral roll revision) কেন্দ্র করে চলমান বিতর্কে ক্রমশ দানা বাঁধছে ইন্ডিয়া (INDIA) জোটের বোঝাপড়া। সংসদের ভিতরে ইতিমধ্যে এক সুরে প্রতিবাদে শামিল হয়েছে জোটের শরিক দলগুলি।

শেষ আপডেট: 1 August 2025 15:22
দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা সংশোধনকে (electoral roll revision) কেন্দ্র করে চলমান বিতর্কে ক্রমশ দানা বাঁধছে ইন্ডিয়া (INDIA) জোটের বোঝাপড়া। সংসদের ভিতরে ইতিমধ্যে এক সুরে প্রতিবাদে শামিল হয়েছে জোটের শরিক দলগুলি। এবার সংসদের বাইরেও একজোট হয়ে প্রতিবাদ সংঘঠিত করার চেষ্টা হচ্ছে। আগামী সপ্তাহে দিল্লিতে নির্বাচন কমিশন (march to ECI office in Delhi to lodge protest on special intensive revision) অভিযানের পরিকল্পনা করছে ইন্ডিয়া জোট।
অভিযানে জোটের সাংসদেরা ছাড়াও দলগুলির শীর্ষ নেতারা হাজির থাকতে পারেন। জোটের শরিক দলগুলির নেতারা নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনা চালাচ্ছেন। আগামী ৬ অথবা ৭ তারিখ এই অভিযান হতে পারে। স্মরণকালের মধ্যে ইন্ডিয়া জোটের মতো এতগুলি দলের কমিশন অভিযানের নজির নেই। নির্বাচন কমিশনের জন্যও এই কর্মসূচি অস্বস্তির কারণ হতে পারে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অবশ্য দাবি করেছেন, সংবিধান এবং জনপ্রতিনিধিত্ব আইন মেনে কমিশন ভোটার তালিকা নিয়ে ন্যস্ত দায়িত্ব পালন করছে।
শুক্রবার একটু আগে বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। জোট নেতারা আশা করছেন, সন্ধ্যার মধ্যে বিহারের চিত্র পরিষ্কার হয়ে যাবে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছে, ওই রাজ্যে ৬৫ লাখ ভোটার সন্দেহজনক। তাদের নাগরিকত্ব নিয়ে সংশয় আছে্। নির্ধারিত দিনের মধ্যে তারা নথিপত্র জমা করতে না পারলে চূড়ান্ত তালিকায় নাম রাখা কঠিন হবে।
অন্যদিকে, বিরোধীদের দাবি, নির্বাচন কমিশনের মানদণ্ডটাই বিতর্কিত। আধার, রেশন কার্ড, সচিত্র ভোটার পরিচয় পত্রকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে মানছে না কমিশন। এরফলে বৈধ ভোটারের নামও বাদ চলে যাচ্ছে।