ক্যান্টিনে উপস্থিত অধিকাংশ গ্রাহকই বলেছেন, খাবারের গুণমান নিশ্চয়ই ভাল হওয়া উচিত, কিন্তু সেই কারণে কাউকে মারধর করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

ক্যান্টিন কর্মীকে মার শিবসেনা বিধায়কের - ফাইল ছবি
শেষ আপডেট: 9 July 2025 11:58
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের চার্চগেটের আকাশবাণী বিধায়ক ক্যান্টিনের (MLA Canteen) ডালে অসন্তুষ্ট হয়ে এক কর্মীকে প্রকাশ্যে চড়-ঘুষি মারলেন মহারাষ্ট্রের শিবসেনা বিধায়ক (Maharastra Shivsena MLA)। মার খেয়ে মাটিতে পড়ে যান সেই কর্মী। পুরো ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনা শুরু হয়েছে।
ঘটনায় মূল অভিযুক্ত বুলধানা কেন্দ্রের শিবসেনা বিধায়ক সঞ্জয় গাইকওয়াড় (Sanjay Gaikwad)। অভিযোগ, খাওয়ার সময় ডাল অপছন্দ হলে তিনি সোজা ক্যান্টিনে চলে যান এবং কর্মীদের জিজ্ঞেস করতে থাকেন, "কে এই ডাল রান্না করেছে?" প্রত্যেককে বলেন গন্ধ শুঁকে দেখতে। দাবি করেন, ডাল খাওয়ার পরই তাঁর বমি হয়েছে এবং পেটেও ব্যথা শুরু হয়।
ভাইরাল ভিডিওয় দেখা যায়, ক্যান্টিনের কর্মী আসতেই তাঁকে ডাল শুঁকতে দেন গাইকওয়াড়। এরপর কোনও কথা না বলেই সজোরে থাপ্পড় মারেন। তারপর এমন এক ঘুষি মারেন যে ওই কর্মী মাটিতে পড়ে যান।
खराब दाल की शिकायत पर शिवसेना शिंदे गुट के विधायक संजय गायकवाड़ MLA हॉस्टल में कैंटीन के कर्मचारी की धुनाई कर दी है। पिटाई के पहले वे कर्मचारी को ज़बरदस्ती दाल पिलाते भी नज़र आ रहे हैं। pic.twitter.com/RqtrxMYk77
— Adil Hassan (@adilsiddique84) July 9, 2025
পরে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিধায়ক বলেন, "এই ডাল নষ্ট নয়, পচা। খেয়ে বমি করে ফেলেছিলাম। পেটেও ব্যথা হচ্ছিল। বারবার অনুরোধ করার পরেও ক্যান্টিনে খাবারের মান নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ওরা হাজার হাজার মানুষের স্বাস্থ্য নিয়ে খেলছে।"
নিজের আচরণ নিয়ে প্রশ্ন করা হলে গাইকওয়াড় বলেন, “আমি শুধু বিধায়ক নই, যোদ্ধাও। আমি গান্ধীবাদী নই। বালাসাহেব ঠাকরে যা শিখিয়েছেন, সেই ভাষাতেই জবাব দিয়েছি। আমি জুডো, জিমন্যাস্টিকস, কারাতে, কুস্তিতে পারদর্শী। কোনও অনুতাপ নেই। আমি বিধানসভায় এই বিষয় তুলব।”
তবে ক্যান্টিনে উপস্থিত অধিকাংশ গ্রাহকই বলেছেন, খাবারের গুণমান নিশ্চয়ই ভাল হওয়া উচিত, কিন্তু সেই কারণে কাউকে মারধর করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সহকর্মীর উপর হামলার নিন্দা করেছেন অন্য কর্মীরাও।