
প্রতীকী ছবি
শেষ আপডেট: 15 November 2024 17:07
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট নিয়ে আন্তর্জাতিক রাজনীতির বাজার মাত করতে গিয়ে ধাক্কা খেল পাকিস্তান। ইসলামাবাদের ক্রমাগত চাপ উপেক্ষা করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাফ জানিয়ে দিল পাক অধিকৃত কাশ্মীরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও সফর হবে না। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সফর পাকিস্তানের বিভিন্ন শহরে হবে একটি প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তারমধ্যে পাক অধিকৃত কাশ্মীরের স্কার্দু, মুরি এবং মুজফফরাবাদও ছিল। তা হাতে পেয়েই আইসিসি প্রস্তাবিত সেই ম্যাচের জায়গা বাতিল করে দিয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সফরসূচি ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তার ঠিক পরপরই আইসিসি এই সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের কূটনৈতিক পদক্ষেপ বানচাল করে দেয়। পাকিস্তানের এই ফন্দি টের পেয়ে আগেই আপত্তি তুলেছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট বা বিসিসিআই।
আট দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত। পিসিবি এই টুর্নামেন্টের আয়োজক দেশ। দেশজুড়ে খেলাগুলির মধ্যে দীর্ঘ বিতর্কিত ভূমিখণ্ড পাক অধিকৃত কাশ্মীরেও খেলা ফেলা হয়েছিল। যা নিয়ে ভারত ছাড়াও অনেক দেশের ক্রিকেট বোর্ড প্রশ্ন তুলেছিল। কারণ, ১৯৪৭ সাল থেকে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের আড়াআড়ি সম্পর্ক চলে আসছে।
দুই দেশের রাজনৈতিক কারণে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ না দিলেও পাকিস্তানের মতলব ছিল, পাক অধিকৃত কাশ্মীরে টুর্নামেন্ট খেলিয়ে বিশ্বের আটটি দেশের কাছ থেকে এই বিতর্কিত ভূমিখণ্ডে তাদের দখলদারির স্বীকৃতি আদায় করে নেওয়া। কিন্তু, এই সিদ্ধান্তে পাকিস্তানের সেই ফন্দিতে জল ঢেলে দিল আইসিসি।