গত ১৭ মে ২৩ বছরের সুনীলের সঙ্গে বিয়ে হয়েছিল ২০ বছরের তরুণীর। বিয়ের পর মাত্র ৯ দিন শ্বশুরবাড়িতে কাটিয়ে বাপের বাড়িতে ফিরে যান তিনি। বারবার ফেরার কথা বললেও নানা অজুহাত দেখিয়ে সেখানেই থেকে গেছেন। কয়েকদিন পরই নিখোঁজ হয়ে যান। স্ত্রীকে খুঁজতে থানায় অভিযোগ দায়ের করেন সুনীল।
.jpg.webp)
শেষ আপডেট: 17 June 2025 19:44
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের দশ দিনের মধ্যেই মধ্যেই প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন উত্তরপ্রদেশের বধূ। এই ঘটনায় শ্বশুরবাড়ির সকলের মাথায় হাত। তবে স্বামীর প্রতিক্রিয়া ছিল অবাক করে দেওয়ার মতো। তাঁর কথায়, 'আমি বেঁচে গেছি, আমার অবস্থা তো অন্তত রাজা রঘুবংশীর মতো হয়নি (Glad I Didn't End Up Like Raja Raghuvanshi)।'
গত ১৭ মে ২৩ বছরের সুনীলের সঙ্গে বিয়ে হয়েছিল ২০ বছরের তরুণীর। বিয়ের পর মাত্র ৯ দিন শ্বশুরবাড়িতে কাটিয়ে বাপের বাড়িতে ফিরে যান তিনি। বারবার ফেরার কথা বললেও নানা অজুহাত দেখিয়ে সেখানেই থেকে গেছেন। কয়েকদিন পরই নিখোঁজ হয়ে যান। স্ত্রীকে খুঁজতে থানায় অভিযোগ দায়ের করেন সুনীল। সোমবার নববধূ নিজেই হাজির হন থানায়। পরিবার এবং পুলিশের উপস্থিতিতে সাফ জানিয়ে দেন, তিনি সুনীলের সঙ্গে সংসার করতে চান না। নিজের প্রেমিকের সঙ্গে থাকবেন।
বিষয়টি পারিবারিক আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হয়। দুই পরিবারই সমঝোতা করে দম্পতির সম্পর্ক ছিন্ন করতে রাজি হয়। বিয়েতে দেওয়া গয়না, উপহার ও অন্যান্য সামগ্রী ফিরিয়ে দেওয়া হয় একে অপরকে। পুলিশ সূত্রে খবর, কোনও পক্ষই আইনি পদক্ষেপের পথে হাঁটেনি।
তবে সবচেয়ে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সুনীলের প্রতিক্রিয়া। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আমি ওকে হানিমুনে নৈনিতাল নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম। কিন্তু ও যদি তার প্রেমিকের সঙ্গে থাকতে চায়, তাহলে থাকুক। আমি খুশি, অন্তত রাজার মতো (রাজা রঘুবংশী) খুন হতে হল না!'
তিনি আরও বলেন, 'তিনজনেই এখন খুশি- ও (স্ত্রী) ওর ভালোবাসা পেল, আমি আমার জীবনটা ফিরে পেলাম।”'
সুনীলের বৌদি রাধা বলেন, 'সে আমাদের সঙ্গে মাত্র ৮ দিন ছিল। তারপর বাপের বাড়ি চলে যায়। সেখান থেকেই প্রেমিকের সঙ্গে পালায়। আমরা শুধু উপহারগুলো ফেরত চেয়েছিলাম, ব্যস।'
প্রসঙ্গত, গত মে মাসে মেঘালয়ে হানিমুনে গিয়ে খুন হন ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশী (Raja Raghubanshi Murder Case)। স্ত্রী সোনম, তাঁর প্রেমিক রাজ কুশওয়া-সহ তিন ভাড়াটে খুনি মিলে পরিকল্পিতভাবে তাকে খুন করে বলে অভিযোগ। রাজা নিখোঁজ হওয়ার ১০ দিন পর ২ জুন তাঁর দেহ পাওয়া যায় একটি খাদে। সেদিকে ইঙ্গিত করেই সুনীল বললেন, 'আমি তো অন্তত মরে যাইনি!'