
প্রতীকী ছবি
শেষ আপডেট: 11 November 2024 11:56
দ্য ওয়াল ব্যুরো: এ যেন কোনও সিনেমার চিত্রনাট্য! প্রেমের সম্পর্কে সায় ছিল না বাবার। তাই প্রেমিকের থেকে দূরে রাখতে, বলা ভাল সম্পর্ক ভাঙার উদ্দেশ্যেই মেয়েকে পড়াশোনা করতে বিদেশে পাঠিয়েছিলেন। আর তাই রাগে প্রেমিকার বাবাকে সামনে পেয়ে গুলি করে খুনের চেষ্টা করল প্রেমিক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের ভেঙ্কটেশ্বর কলোনিতে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ৫৭ বছর বয়সি রেভানাথ আনন্দের মেয়ের সঙ্গে ভালবাসা ছিল ২৫ বছরের বলবিন্দর সিংয়ের। সেই সম্পর্ক মেনে নিতে পারেননি রেভানাথ। হামেশাই এই নিয়ে বাড়িতে অশান্তিও হত।
জানা যাচ্ছে, মেয়ের থেকে দূরে থাকতে বলবিন্দরকে একবার হুমকিও দিয়েছিলেন তিনি। দু'জনের মধ্যে যাতে যোগাযোগ না থাকে, তার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। শেষমেশ কিছুতেই কিছু হচ্ছে না দেখে মেয়েকে পড়াশোনার অজুহাতে বিদেশে পাঠিয়ে দেন রেভানাথ।
পরিণতি ভাল হয়নি তাতে। রেভানাথের সঙ্গে তুমুল ঝামেলা হয় বলবিন্দরের। বলবিন্দর গত সপ্তাহে হঠাৎ রেভানাথের বাড়িতে গিয়ে অশান্তি করে। দু'জনের মধ্যে বিস্তর কথা কাটাকাটির পর রেভানাথকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বলবিন্দর। রেভানাথের চোখে সেই গুলি লাগে। গোটা ঘটনায় হকচকিয়ে যায় পরিবার। তড়িঘড়ি পুলিশে খবর দেন সদস্যরা।
পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়ে রেভানাথকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর, রেভানাথের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, এক চোখে গুলি লাগায় দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনা খুব কম। বলবিন্দর পালিয়ে গিয়েছিল ঘটনার পর থেকে। তার খোঁজে তল্লাশি অভিযান করে রবিবার তাকে গ্রেফতার করে পুলিশ।