গত সপ্তাহে গৌরব গগৈ দাবি করেছিলেন, দলীয় তদন্তে উঠে এসেছে যে, অসম জুড়ে প্রায় ১২ হাজার বিঘা জমি হিমন্ত শর্মা ও তাঁর পরিবারের দখলে রয়েছে। সেই প্রেক্ষিতেই দায়ের মামলা।

শেষ আপডেট: 10 February 2026 17:49
দ্য ওয়াল ব্যুরো: ভোটের মুখে অসমের রাজনীতিতে উত্তাপের আঁচ গনগনে (Assam Politics)। জমিজমা নিয়ে ‘ভিত্তিহীন’ ও ‘দুরভিসন্ধিমূলক’ অভিযোগ তোলার জেরে কংগ্রেসের শীর্ষ নেতা জিতেন্দ্র সিংহ, ভূপেশ বাঘেল এবং অসম কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)।
মঙ্গলবার এই মামলা দায়ের করা হয়েছে। গত সপ্তাহে গৌরব গগৈ দাবি করেছিলেন, দলীয় তদন্তে উঠে এসেছে যে, অসম জুড়ে প্রায় ১২ হাজার বিঘা জমি হিমন্ত শর্মা ও তাঁর পরিবারের দখলে রয়েছে (Gaurav Gogoi land allegations)।
এই অভিযোগ প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, প্রমাণ ছাড়া এমন দাবি করার জন্য তিনি মানহানির মামলা করবেন। অবশেষে মঙ্গলবার সেই মামলা দায়ের হল (Himanta Sarma defamation case)।
এক্স (প্রাক্তন টুইটার)-এ হিমন্ত লেখেন, “আজ আমি কংগ্রেস নেতা জিতেন্দ্র সিংহ, ভূপেশ বাঘেল এবং গৌরব গগৈয়ের বিরুদ্ধে ৫০০ কোটির মানহানির মামলা দায়ের করেছি। তাঁরা সাংবাদিক সম্মেলন করে আমার বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর অভিযোগ করেছেন।”
এর আগে হিমন্ত দাবি করেছিলেন, গান্ধী পরিবারের ‘দাসদের’ প্রচার, অপবাদ বা রাজনৈতিক নাটক দেখে তিনি ভীত হবেন না।
২০১৫ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এই আগ্রাসী নেতা আরও লেখেন, “হিট-অ্যান্ড-রান রাজনীতির যুগ শেষ। তাঁদের যদি সামান্য সাহস বা প্রমাণ থাকে, আদালতে প্রতিটি অভিযোগ প্রমাণ করুন।”
‘হিমন্ত বনাম গগৈ’ অধ্যায় ২
এ বছর বিধানসভা ভোটের আগে এমনিতেই অসমের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত। তার মধ্যেই গগৈকে ঘিরে আরও একটি ইস্যু সামনে আনেন হিমন্ত।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, গৌরব গগৈ এবং তাঁর ব্রিটিশ স্ত্রী এলিজাবেথ কোলবার্নের সঙ্গে পাকিস্তানের নাগরিক আলি তৌকির শেখের ‘গভীর যোগাযোগ’ রয়েছে। এমনকি, পাকিস্তানে গোপন তথ্য পাচার হয়ে থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
এই অভিযোগের জবাবে কংগ্রেস দ্রুত পাল্টা আক্রমণ শানায়। তাদের দাবি, হিমন্তর কাছে তাঁর অভিযোগের পক্ষে কোনও নথি বা প্রমাণ নেই। এমনকি, কংগ্রেস নেতারা বলেন, মুখ্যমন্ত্রী ‘মানসিক ভারসাম্য হারিয়েছেন’।