.webp)
ওই ইঞ্জিনিয়ারিং কলেজ সহ রাজ্যের অন্যান্য কলেজ ছাত্রীদের মধ্যেও বিক্ষোভ ছড়িয়েছে
শেষ আপডেট: 30 August 2024 12:13
দ্য ওয়াল ব্যুরো: 'উই ওয়ান্ট জাস্টিস' এবার বাংলার সীমারেখা ছাড়িয়ে অন্ধ্রপ্রদেশে পৌঁছাল। রাজ্যের একটি প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ারিং কলেজের মেয়েদের শৌচাগার থেকে উদ্ধার লুকানো ক্যামেরা। শুধু তাই নয়, সেই ক্যামেরায় তোলা গোপনতম ছবি ছেলেদের হস্টেলে পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই ইঞ্জিনিয়ারিং কলেজ সহ রাজ্যের অন্যান্য কলেজ ছাত্রীদের মধ্যেও বিক্ষোভ ছড়িয়েছে।
অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার গুড়লাভাল্লেরু ইঞ্জিনিয়ারিং কলেজের বিজয় নামে এক ছাত্রকে শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে। তার ল্যাপটপ থেকে প্রায় ৩০০টি অশ্লীল ছবি উদ্ধার হয়েছে। কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। পুলিশ বিজয়ের ল্যাপটপটি বাজেয়াপ্ত করেছে।
আর জি কর হাসপাতালে ডাক্তার-ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের পর দেশজুড়ে নারী সুরক্ষা ও মহিলাদের সম্মান আদায়ের লড়াই জোরদার চলছে। তা সত্ত্বেও এখনও দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনার বিরাম নেই। এরমধ্যেই অন্ধ্রপ্রদেশের এই চমকে দেওয়া ঘটনায় ফের একবার মেয়েদের নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে। মেয়েদের শৌচালয়ে গোপন ক্যামেরার কথা জানাজানি হতেই কলেজ পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিচার চাই স্লোগান মুখে প্ল্যাকার্ড হাতে নিয়ে আন্দোলন চলছে।
বৃহস্পতিবার রাতেই হস্টেল ছাত্রীসহ কলেজের সমস্ত পড়ুয়া এর বিরুদ্ধে আন্দোলনে নামেন। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ এসে বিজয় নামে ওই ফাইনাল ইয়ারের ছাত্রকে প্রথমে হেফাজতে নেয় এবং পরে গ্রেফতার করে। পড়ুয়াদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, গোপন ক্যামেরায় তোলা বিভিন্ন আপত্তিজনক ছবি বিজয় ছেলেদের হস্টেলের অনেকের কাছে টাকা নিয়ে বিক্রিও করেছে।