প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ভূমিধসে মৃত্যু হয়েছে ৫ জনের। বন্ধ ১,৩৩৭টি রাস্তা, যার মধ্যে জাতীয় সড়কও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজও কাংগ্রা, মাণ্ডি, সিরমৌর ও কিন্নরে ভারী বৃষ্টি হতে পারে।

হিমাচলের বর্তমান অবস্থা (সংগৃহীত ছবি)
শেষ আপডেট: 3 September 2025 09:01
দ্য ওয়াল ব্যুরো: অবিরাম বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মঙ্গলবার মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যার ফলে একাধিক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন। ভেঙে পড়ল বাড়ি, ধসে গেল রাস্তা। মোট ১,৩৩৭টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, তার মধ্যে রয়েছে চারটি জাতীয় সড়কও।
মৌসম ভবন বুধবার কাংগ্রা, মাণ্ডি, সিরমৌর ও কিন্নর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। উনা ও বিলাসপুর জেলায় রয়েছে হলুদ সতর্কতকা।
সোলানের সামলোহ গ্রামে সোমবার রাতে বাড়ি ভেঙে চাপা পড়ে মারা গিয়েছেন হেমলতা নামে এক মহিলা। তাঁর স্বামী, চার সন্তান এবং ৮৫ বছরের শাশুড়ি অল্প আঘাত পেলেও প্রাণে বেঁচে গিয়েছেন। কুল্লুর ঢালপুরে বাড়ি ভেঙে চাপা পড়েন এক দম্পতি। পরে মহিলা মারা যান। মাণ্ডির সুন্দরনগরে ভূমিধসে প্রাণ যায় তিনজনের। মৃতদের মধ্যে আছেন ভর্তি নামে এক মহিলা (২৮) এবং তাঁর আড়াই বছরের কন্যা কীর্তন। আরও দু’-তিনজন ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ ও পুলিশ।
শিমলা, কাংগ্রা ও সিরমৌরের সব সরকারি-বেসরকারি স্কুল, কোচিং সেন্টার, নার্সিং ইনস্টিটিউট বুধবার বন্ধ থাকবে। শিমলার প্রশাসক অনুপম কাশ্যপ জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে ভাঙন ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। বিপদ মাথায় নিয়ে তাই স্কুলে আসতে নিষেধ করা হয়েছে, ক্লাস হবে অনলাইনে।
দুই দুর্ঘটনাগ্রস্ত পরিবারকে নিরাপদ স্থানে সরিয়েছেন উদ্ধারকারীরা। মানালির নয়টি গ্রাম প্লাবিত হয়ে বিচ্ছিন্ন। মাণ্ডির পাড্ডাল গুরুদ্বারা এলাকায় ভূমিধসে দু'টি বাড়ি ক্ষতিগ্রস্ত। কুল্লুর আনি অঞ্চলেও ভাঙন দেখা দিয়েছে।
১,৩৩৭টি রাস্তার মধ্যে মাণ্ডিতে ২৮২, শিমলায় ২৫৫, চম্বায় ২৩৯, কুল্লুতে ২০৫ এবং সিরমৌরে ১৪০টি রাস্তা বন্ধ। বন্ধ রয়েছে শিমলা-কালকা জাতীয় সড়ক, চণ্ডীগড়-মানালি হাইওয়ে-সহ একাধিক গুরুত্বপূর্ণ রুট।