সংগঠনের প্রধান আন্তর্জাতিক জঙ্গির তকমা পাওয়া হাফিজ সইদ ভারতে হামলার এই নতুন দরজা খোলার কাজে ব্যস্ত রয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে।

বাংলাদেশে নতুন নতুন ঘাঁটি তৈরির কাজ চালাচ্ছেন হাফিজ সইদ।
শেষ আপডেট: 10 November 2025 12:23
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে ঘাপটি মেরে ভারতের উপর জঙ্গি হামলার ছক চালাচ্ছে পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তোইবা। সংগঠনের প্রধান আন্তর্জাতিক জঙ্গির তকমা পাওয়া হাফিজ সইদ ভারতে হামলার এই নতুন দরজা খোলার কাজে ব্যস্ত রয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। এর জন্য বাংলাদেশে নতুন নতুন ঘাঁটি তৈরির কাজ চালাচ্ছেন হাফিজ সইদ।
এই তথ্য ফাঁস হওয়ার পিছনে রয়েছে সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিও। গত ৩০ অক্টোবর পাকিস্তানের খইরপুর তামেওয়ালিতে এক বিশাল জনসভার ভিডিও রেকর্ডিং গোয়েন্দাদের কাছে এসেছে। যাতে দেখা গিয়েছে, লস্করের শীর্ষ এক কমান্ডার সইফুল্লা সইফ বিরাট বিপজ্জনক তথ্য ফাঁস করে দিয়েছেন।
সইফুল্লা উসকানি দেওয়ার সুরে বলেন, হাফিজ সইদ হাত গুটিয়ে বসে নেই। বাংলাদেশের দিক দিয়ে ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাঁর আর দাবি, লস্কর-ই-তোইবার টিকটিকিরা (চর) ইতিমধ্যেই পূর্ব পাকিস্তানে (বাংলাদেশের অতীত নাম) সক্রিয় হয়ে রয়েছে। তারা ভারতকে অপারেশন সিঁদুরের জবাব দিতে তৈরি বলে দাবি করেন শীর্ষ লস্কর কমান্ডার।
আরও একটি তথ্যে জানা গিয়েছে, সইদ তাঁর এক অতি ঘনিষ্ঠকে সম্প্রতি বাংলাদেশে পাঠিয়েছিলেন। যিনি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় মসজিদ-মোক্তবে গিয়ে স্থানীয় যুবকদের কট্টরপন্থী আদর্শ জেহাদের জন্য উদ্বুদ্ধ করেন।
ভিডিওতে সাফ স্পষ্ট হয়েছে যে, সইফ খোলাখুলি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ডাক দেন। এই কাজে পাকিস্তানি জঙ্গিরা যে কিশোর-নাবালকদের তালিম দিচ্ছে তাও স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ ওই জনসভায় প্রচুর সংখ্যায় অপরিণত বালক ও কিশোর উপস্থিত ছিল। উসকানি ভাষণে তিনি পাকিস্তানি সেনার প্রশংসা করেন। বলেন, এখন আমেরিকা আমাদের সঙ্গে আছে। বাংলাদেশের সঙ্গেও আমাদের সম্পর্ক খুব কাছাকাছি চলে এসেছে। এসব কথা বলে জনসভায় উপস্থিত সকলের আস্থা অর্জনের চেষ্টা করেন তিনি।