
পাহাড়ি এলাকার মাটির ঘরে তাদের দেখা গিয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
শেষ আপডেট: 10 August 2024 17:01
দ্য ওয়াল ব্যুরো: ফের জঙ্গি-নিরাপত্তারক্ষী গুলির লড়াই কাশ্মীরে। শনিবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের আহলান এলাকায় এই সংঘর্ষ বাধে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এখনও দুপক্ষে মাঝেমধ্যেই গুলি বিনিময় চলছে। ঘটনায় জখম হয়েছেন ২ জওয়ান। পদস্থ পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জিএনএস জানিয়েছে, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি দল গোপন সূত্রে খবর পেয়ে আহলানের ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। তখনই জঙ্গলের ভিতর থেকে বাহিনীকে দেখে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
এদিকে, শনিবারই জম্মু-কাশ্মীর পুলিশ কাঠুয়া জেলার পাহাড়ে ঘাঁটি গেড়ে থাকা চার জঙ্গির স্কেচ প্রকাশ করেছে। তাদের সম্পর্কে খোঁজ দিতে পারলে এক-একজনের জন্য ৫ লক্ষ টাকা অর্থাৎ মোট ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। খোঁজ দেওয়া ব্যক্তির পরিচয় গোপন রাখবে পুলিশ। পাহাড়ি এলাকার মাটির ঘরে তাদের দেখা গিয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। কাঠুয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের জেলার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে।
উল্লেখ্য, গত ৮ জুলাই কাঠুয়ায় জঙ্গি হামলায় চার সেনা জওয়ানের মৃত্যু হয়। জখম হন আরও ৬ জওয়ান। গত কিছুকাল ধরেই কাশ্মীর ছেড়ে জম্মু এলাকায় জঙ্গি তৎপরতা বেড়ে উঠেছে। যাতে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়। গত ৯ জুন রিয়াসিতে জঙ্গি হানায় ১১ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল। ১৫ জুলাই ডোডার ডেসা জঙ্গলে আরেকটি ঘটনায় এক ক্যাপ্টেন সহ চার সেনার মৃত্যু হয়।