পাণ্ডাদের আপত্তি পর্যটন দফতরের ঘোষণায়। সেখানে বলা হয়েছে, পুরোহিত মাত্রেই পিণ্ডাদানের কাজে যুক্ত হতে পারবেন।

ছবি এআই
শেষ আপডেট: 26 August 2025 11:28
দ্য ওয়াল ব্যুরো: বাবা-মায়ের আত্মার শান্তি কামনায় এখন থেকে সশরীরে গয়ায় (Gaya) যাওয়ার প্রয়োজন হবে না। অনলাইনে পিণ্ডদানের (online pind daan gaya) ব্যবস্থা চালু হয়েছে সেখানে।
আর এতেই চটেছে এই ধর্মীয় শহরের হিন্দু সম্প্রদায়ের একাংশ। আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সাধুসন্তদের সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad)।
অনলাইনে পিণ্ডদানের ব্যবস্থা চালু করেছে বিহার সরকারের পর্যটন বিভাগ। তারা একটি অ্যাপ চালু করেছে। তাতে নাম রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য যুক্ত করার পর ২৩ হাজার টাকা জমা করতেমহবে। বিনিময়ে পর্যটন দফতর পেন ড্রাইভে পিণ্ডদান পর্বের ভিডিও সরবরাহ করবে। পিণ্ডদানকারীকে গয়ায় যেতে হবে না।
এই ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে পাণ্ডা সম্প্রদায়। তাদের বক্তব্য, এইভাবে পিণ্ডদান শাস্ত্রসম্মত নয়। নিয়ম হল, একমাত্র পুরুষ সন্তানেরা গয়ায় সশরীরে হাজুর হয়ে পিণ্ডদান করতে পারে। সেই কাজ তদারকি করতে পারেন একমাত্র পিণ্ডদানকারী ব্রাহ্মণেরাই।
পাণ্ডাদের আপত্তি পর্যটন দফতরের ঘোষণায়। সেখানে বলা হয়েছে, পুরোহিত মাত্রেই পিণ্ডাদানের কাজে যুক্ত হতে পারবেন।
বিশ্ব হিন্দু পরিষদের গয়া জেলার সভাপতি মণিলাল বারিকের কথায় দূরে বসে অনলাইনে পিণ্ডদান বৈধ নয়। এই ব্যবস্থা হিন্দু শাস্ত্রীয় বিধানের পরিপন্থী।
গয়ার পাণ্ডা সম্প্রদায় স্থানীয় বিধায়ক তথা সমবায় মন্ত্রী প্রেম কুমারের কাছে সরকারের অনলাইন পিণ্ডদান ব্যবস্থা নিয়ে আপত্তি জানিয়েছে। তিনি বলেছেন, ক্ষোভ সঙ্গত। তিনি সরকারের যথাস্থানে এই বিষয়ে কথা বলবেন্।