
প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 December 2024 18:36
দ্য ওয়াল ব্যুরো: মধ্যবিত্তের জন্য সুখবর আসতে পারে আগামী বছরের বাজেটে। কেন্দ্রীয় সরকার বার্ষিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ে কর ছাঁটাইয়ের কথা ভাবছে। এমনটা সত্যি ঘটলে মধ্যবিত্ত করদাতাদের জন্য বিরাট স্বস্তি মিলবে। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী কেন্দ্রীয় বাজেট ঘোষণায় এই প্রস্তাব আনতে পারেন রয়টার্সের এক সূত্র জানিয়েছে।
ব্যবসায়িক ক্ষেত্রে বিক্রিপাতি বাড়াতে এবং জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ার রুদ্ধশ্বাস সময়কে ঠেকাতে এই পদক্ষেপ হতে পারে। ধীরগামী অর্থনীতিকে চাঙ্গা করতে এই পদক্ষেপ নতুন দিশা দেখাতে পারে বলে অর্থ বিশেষজ্ঞদের অনুমান।
যদি পদক্ষেপ হয়, তাহলে লক্ষ লক্ষ আয়করদাতা সুফল ভোগ করবেন। বিশেষত বর্তমান পরিস্থিতিতে শহুরে আয়করদাতারা দৈনন্দিন বাজারদরে হাঁসফাঁস করছেন। ২০২০ সালে আনা নতুন কর জমানাকে যদি বেছে নেন, যাতে বাড়িভাড়া ছাড় বাদ রয়েছে, তাহলে এই সুবিধা পাবেন তাঁরা। নয়া কর জমানায় বার্ষিক ৩ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করের পরিমাণ হল ৫-২০ শতাংশ। তার উপরে কর দিতে হয় ৩০ শতাংশ হারে।
এখনও পর্যন্ত দুটি কর ব্যবস্থা চালু আছে। পুরনোটিতে বাড়িভাড়া ও বিমার প্রিমিয়ামে ছাড় পাওয়া যায়। ২০২০ সালে যে নয়া জমানা সূচনা হয়েছে, তাতে বিরাট কোনও ছাড়ের অবকাশ নেই। রয়টার্সের কাছে নাম জানাতে অনিচ্ছুক ওই সূত্র জানিয়েছে, এখনও পর্যন্ত সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়নি। আরও আলাপ-আলোচনার পর ১ ফেব্রুয়ারির কাছাকাছি সময় নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।