
গোয়ায় ইডলি চলবে না!
শেষ আপডেট: 28 February 2025 09:44
দ্য ওয়াল ব্যুরো: গোয়ার বিচের শ্যাকগুলোতে ইডলি-সম্বর বিক্রির কারণেই বিদেশি পর্যটকের সংখ্যা হ্রাস পাচ্ছে বলে দাবি করলেন বিজেপি বিধায়ক মাইকেল লোবো। বৃহস্পতিবার উত্তর গোয়ার কালাংগুটে এলাকায় এক সাংবাদিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
বিদেশি পর্যটকদের আগমন কমে যাওয়ার জন্য শুধুমাত্র সরকারকে দায়ী করা ঠিক নয় বলে মনে করেন লোবো। তিনি বলেন, পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সকলেরই এই অবনতির দায় স্বীকার করা উচিত।
বিধায়ক লোবো আক্ষেপের সঙ্গে বলেন, অনেক স্থানীয় বাসিন্দা তাঁদের সৈকত সংলগ্ন শ্যাকগুলো বাইরের ব্যবসায়ীদের ভাড়া দিয়েছেন, যার ফলে শ্যাকে বেঙ্গালুরু থেকে আসা কিছু ব্যবসায়ী বড়পাও এবং ইডলি-সম্বর পরিবেশন করছেন। আর এটিই বিদেশি পর্যটকদের কম আসার অন্যতম কারণ বলে দাবি করেছেন তিনি।
বস্তুত, গোয়া নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গেই যে রঙিন ছবি চোখে ভেসে ওঠে, যে উদ্দামতার আহ্বান মিশে থাকে এখানে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করার সময়ে, গোয়া মানেই যে 'খাও-পিও-অ্যায়েস করো'-জাতীয় ফূর্তির ইঙ্গিত, তার সঙ্গে দক্ষিণ ভারতীয় ইডলি-সম্বর যেন বড্ড বেমানান। সি-ফুডের সঙ্গেই যেন গোয়ার গতিবিধি ভাল খাপ খায়। বলতে গেলে, গোয়ার খাদ্যচরিত্রকে ফুটিয়ে তোলে নানারকম সামুদ্রিক মাছের জিভে জল আনা পদসমূহই। কাঁকড়া বা মাংসও সেখানে জায়গা করে নিতে পারে রগরগে মশলায় মাখামাখি হয়ে। কিন্তু এসবের পাশে হাল্কা, পাতলা, ইডলি-সম্বর স্বাদের দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে। গোয়ায় গিয়ে যেন সেসব খাওয়ার কোনও দরকার নেই, এমনটাই স্পষ্ট হয়েছে বিধায়কের কথায়।
লোবো বলেন, বিগত দু'বছরে উত্তর ও দক্ষিণ গোয়ার উপকূলবর্তী এলাকায় বিদেশি পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে কমেছে। পর্যটন বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষদের যৌথভাবে বসে আলোচনা করা উচিত যে কেন বিদেশি তরুণ পর্যটকেরা গোয়া থেকে দূরে সরে যাচ্ছেন।
তিনি আরও উল্লেখ করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়ান এবং ইউক্রেনীয় পর্যটকদের আগমন প্রায় বন্ধ হয়ে গেছে। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের দেশগুলি থেকেও পর্যটকদের আসা অনেক কমে গেছে।
পর্যটন শিল্পের ট্যাক্সি অপারেটরদের সঙ্গে ক্যাব সংস্থাগুলোর বিরোধসহ বেশ কিছু সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন বলে মন্তব্য করেন লোবো। তিনি সতর্ক করে বলেন, যদি গোয়ার পর্যটন ব্যবস্থার জন্য একটি কার্যকর পরিকল্পনা না নেওয়া হয়, তবে ভবিষ্যতে এই শিল্প চরম সংকটে পড়বে। তাঁর কথায়, ‘গোয়ার কোনও বদনাম হচ্ছে না, কিন্তু আমরা নিজেরাই গোয়ার পর্যটন খাতকে সমস্যার দিকে ঠেলে দিচ্ছি। সৈকতের শ্যাকগুলিতে ইডলি-সম্বর পরিবেশন বন্ধ করা উচিত।’