গোয়ায় জন্ম নেওয়া ও পাকিস্তানে বেড়ে ওঠা এক খ্রিস্টান ব্যক্তি ভারতের নাগরিকত্ব চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন। তবে সিএএ-র সময়সীমা পার হয়ে যাওয়ায় শীর্ষ আদালত তাঁকে বম্বে হাইকোর্টে যেতে বলেছে।

ভারতের নাগরিকত্ব চান জুড মেন্ডেস।
শেষ আপডেট: 12 June 2025 13:04
দ্য ওয়াল ব্যুরো: গোয়ায় জন্ম নেওয়া এবং পাকিস্তানে বেড়ে ওঠা এক খ্রিস্টান যুবক ভারতের নাগরিকত্ব পাওয়ার আবেদন করেন সুপ্রিম কোর্টে। কিন্তু তাঁর সেই আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত তাঁকে জানিয়েছে, এই বিষয়টি নিয়ে তাঁকে বম্বে হাইকোর্টে যেতে হবে।
আবেদনকারী ৩৮ বছর বয়সি জুড মেন্ডেস পেশায় একজন রাঁধুনি। তিনি ১৯৮৭ সালে গোয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর মা একজন পাকিস্তানি নাগরিক ছিলেন। জন্মের পর তিনি পাকিস্তানে চলে যান এবং করাচিতে পড়াশোনা করেন। পরে তিনি ২০১৬ সালে ভারতে আসেন ও দীর্ঘমেয়াদি ভিসায় রয়েছেন। ২০ জুন পর্যন্ত মেয়াদ রয়েছে সে ভিসার। বর্তমানে তিনি গোয়ার এক রেস্তোরাঁয় কাজ করছেন।
তাঁর আইনজীবী রাঘব অবস্থি দাবি করেছেন, পাকিস্তানে খ্রিস্টান সংখ্যালঘু হিসেবে তিনি চরম ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন এবং ভারতেই থাকতে চান। আবেদনের সপক্ষে ওই আইনজীবী আদালতে জানান, ২০২০ সালে এ দেশের আধার কার্ড পান জুড। এ বছরের ফেব্রুয়ারিতে এক ভারতীয় মহিলাকে বিয়েও করেন। কিন্তু তাঁর পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ ২০ জুন শেষ হয়ে যাচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানে ফিরে গিয়ে তা রিনিউ করাও তাঁর পক্ষে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
আইনজীবী আদালতে আরও বলেন, জুড মেন্ডেস ভারতের মাটিতে জন্মেছেন। তিনি একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান, পাকিস্তানে যার মতো সংখ্যালঘুদের উপর চরম নিপীড়ন চলে। তাঁর জীবন এখন ঝুঁকির মধ্যে।
কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর আওতায় যারা ২০১৪ সালের ১ জানুয়ারির আগে ভারতে প্রবেশ করেছেন, শুধুমাত্র তাঁরাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য। যেহেতু মেন্ডেস ২০১৬ সালে ভারতে এসেছেন, তাই তিনি আইনের আওতায় পড়েন না। আদালত তাঁকে বলেন, তাঁর আবেদন নিয়ে বম্বে হাইকোর্টে যেতে।
উল্লেখ্য, পহেলগাঁওতে পাকিস্তানপন্থী সন্ত্রাসীদের হামলার পর, ভারত সরকার ২৫ এপ্রিল সমস্ত পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল করেছিল। যদিও মেন্ডেসের দীর্ঘমেয়াদি ভিসা এখনও বাতিল হয়নি।