মানালির একটি জনপ্রিয় পর্যটনস্থলে জিপলাইনিং করার সময় হঠাৎ মাঝপথে ছিঁড়ে যায় দড়ি।

ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 15 June 2025 16:20
দ্য ওয়াল ব্যুরো: গ্রীষ্মের ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হল নাগপুরের একটি পরিবার। হিমাচল প্রদেশের মানালিতে গিয়ে জিপলাইন দুর্ঘটনায় প্রায় ৩০ ফুট নীচে খাদে পড়ে গুরুতর জখম হল ১০ বছরের এক নাবালিকা। বর্তমানে সে নাগপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থা সঙ্কটজনক।
নাগপুরবাসী প্রফুল্ল বিজওয়ে, স্ত্রী ও মেয়ে তৃষাকে নিয়ে মানালিতে বেড়াতে গিয়েছিলেন। ৮ জুন, মানালির একটি জনপ্রিয় পর্যটনস্থলে জিপলাইনিং করার সময় হঠাৎ মাঝপথে ছিঁড়ে যায় দড়ি। তৃষা সরাসরি প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাটি ক্যামেরাবন্দি করেন পরিবারের সদস্যরাই। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
দুর্ঘটনার ফলে তৃষার পায়ে একাধিক জায়গায় হাড় ভেঙে যায়। পরিবার সূত্রে খবর, ঘটনাস্থলে কোনও রকম পর্যাপ্ত নিরাপত্তা ছিল না, এমনকি দুর্ঘটনার পর সাহায্য পেতেও তাঁদের অনেক সময় লেগে যায়। প্রাথমিকভাবে মানালিতেই চিকিৎসা শুরু হয় তৃষার। পরে তাঁকে স্থানান্তর করা হয় চণ্ডীগড়ের একটি হাসপাতালে। বর্তমানে সে নাগপুরে চিকিৎসাধীন।
পরিবারের অভিযোগ, 'ওই জিপলাইন সাইটে নিরাপত্তা বলতে কিছুই ছিল না। স্টাফদেরও তেমন প্রশিক্ষণ ছিল না। হারনেস ছিঁড়ে যাওয়ার মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়েছে। জিপলাইন যে সংস্থা চালাচ্ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অ্যাডভেঞ্চার ট্যুরিজমে নিরাপত্তার বিষয়টি নিয়ে সরকার আরও কঠোর হোক।'
দুর্ঘটনার পরে প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে তৃষার পরিবার এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছে। ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে, কতটা সুরক্ষিত ভারতের অ্যাডভেঞ্চার স্পোর্টস সাইটগুলি?