এক্স-এ (প্রাক্তন টুইটার) তিনি পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়ার একটি বিবৃতি শেয়ার করে লেখেন, “এই হল বর্তমান অবস্থা।” সেই বক্তব্যকেই সমর্থন করেন নারাভানে।

শেষ আপডেট: 10 February 2026 22:15
দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে মঙ্গলবার তাঁর স্মৃতিকথা ‘ফোর স্টারস অব ডেস্টিনি’ (Four Stars of Destiny) ঘিরে বিতর্কে নীরবতা ভাঙলেন। এক্স-এ (প্রাক্তন টুইটার) তিনি পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়ার একটি বিবৃতি শেয়ার করে লেখেন, “এই হল বর্তমান অবস্থা।” প্রকাশকের দাবি, বইটি এখনও প্রকাশিত হয়নি, কোনও অনুমোদিত কপিও বাজারে নেই General (Naravane unpublished book)। সেই বক্তব্যকেই (Four Stars of Destiny Penguin clarification) সমর্থন করেন নারাভানে।
এটি ছিল এই ইস্যুতে পেঙ্গুইনের প্রথম আনুষ্ঠানিক স্পষ্টীকরণ, যা নারাভানে আগের দিনও শেয়ার করেছিলেন। বিবৃতিতে প্রকাশক জানায়, ‘ফোর স্টারস অব ডেস্টিনি’–এর একমাত্র প্রকাশনা-অধিকার তাদের হাতেই এবং বইটি প্রকাশনার পর্যায়ে যায়নি (Four Stars of Destiny controversy)।
পেঙ্গুইন আরও জানায়, বইটির কোনও মুদ্রিত বা ডিজিটাল কপি তারা প্রকাশ, বিতরণ বা বিক্রি করেনি। ফলে, বইয়ের পুরো বা আংশিক কপি যেখানেই ঘুরুক না কেন, তা স্পষ্ট কপিরাইট লঙ্ঘন। অননুমোদিত প্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানায় তারা।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় অপ্রকাশিত বইয়ের পিডিএফ ঘোরাফেরার অভিযোগে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করেছে। কীভাবে একটি অপ্রকাশিত বই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হাতে পৌঁছল, এই প্রশ্ন সামনে আসার পরেই পুলিশি পদক্ষেপ ও পেঙ্গুইনের স্পষ্টীকরণ সামনে আসে।
পেঙ্গুইনের দ্বিতীয় বিবৃতি
বিতর্ক বাড়তেই পেঙ্গুইন দ্বিতীয় বিবৃতি জারি করে। সেখানে জানানো হয়, কোনও বই ঘোষণা করা, প্রি-অর্ডারে থাকা এবং প্রকাশিত হওয়া - এই তিনটি বিষয় এক নয়।
প্রকাশকের ভাষ্য, একটি বই তখনই ‘প্রকাশিত’ বলে ধরা হয়, যখন তা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পেয়ে খুচরো বাজারে কেনার জন্য উপলব্ধ থাকে। প্রকাশনার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি দূর করতেই এই ব্যাখ্যা দেওয়া হয়েছে।
সোমবার দিল্লি পুলিশ জানায়, সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে ‘ফোর স্টারস অব ডেস্টিনি’ নামে একটি প্রি-প্রিন্ট কপি ঘোরাফেরার খবর তাদের নজরে এসেছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাধ্যতামূলক অনুমোদন ছাড়াই ছড়িয়েছে।
পুলিশের দাবি, যাচাই করে দেখা গেছে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তৈরি টাইপসেট পিডিএফ কিছু ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এমনকি, কিছু অনলাইন বিপণন প্ল্যাটফর্মে বইটির কভার এমনভাবে দেখানো হয়েছে, যেন সেটি কেনার জন্য উপলব্ধ - যদিও তার প্রয়োজনীয় অনুমোদন মেলেনি।
সংসদে রাজনৈতিক তরজা
গত সপ্তাহে সংসদ ভবন চত্বরে রাহুল গান্ধীকে বইটির একটি কপি প্রদর্শন করতে দেখা যায়। এরপর লোকসভায় একাধিকবার হট্টগোল হয় এবং চলতি বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট সাংসদকে সাসপেন্ড করা হয়।
সংবাদমাধ্যমের দাবি ছিল, রাহুল একটি অপ্রকাশিত পান্ডুলিপি পেয়েছেন, যার জন্য প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন প্রয়োজন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ পরে বলেন, এমন কোনও অনুমোদন দেওয়া হয়নি।
সোমবার রাহুল অভিযোগ করেন, এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ভীত’ বলেই রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের জবাব দিতে লোকসভায় আসেননি।
এই ‘লিক’ বা অনুমোদনহীন প্রচার খতিয়ে দেখতে স্পেশাল সেলে মামলা দায়ের হয়েছে। তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে দিল্লি পুলিশ। কীভাবে অপ্রকাশিত পান্ডুলিপির অংশ প্রকাশ্যে এল, তা নিয়েই এখন মূলত অনুসন্ধান চলছে। প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া তাদের অবস্থানে অনড় - ‘ফোর স্টারস অব ডেস্টিনি’ এখনও প্রকাশিত নয় এবং প্রকাশিত যে কোনও কপি সম্পূর্ণ বেআইনি।