
প্রতীকী ছবি
শেষ আপডেট: 13 January 2025 16:01
দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর প্রতারণা। হইচই পড়ে গিয়েছে মধ্যপ্রদেশের খাজুরাহোতে। দোকান দোকানে, পেট্রোল পাম্পে লাগানো কিউআর কোড স্ক্যান করলেই ক্রেতা, গ্রাহকদের টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। বিক্রেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে না। যা নিয়ে বিস্তর গন্ডগোল হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে।
অভিনব কায়দায় এই টাকা হাতানোর ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য খাজুরাহোতে। কোন অ্যাকাউন্টে টাকা যাচ্ছে সেটাই ছিল রহস্য। যদিও শেষমেষ যবনিকা পতন ঘটানো গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, শহরের প্রায় ছ'-ছ'টি দোকানে ও পেট্রোল পাম্পে অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে ইতিমধ্যেই। দোকান বা পেট্রোল পাম্পে লাগানো আসল কিউআর কোড বদলে তার বদলে নিজেদের কিউআর কোড সাঁটিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকেরা।
গোটা ব্যাপারটা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। যেখানে দেখা গিয়েছে যে, প্রতারকদের দল দোকানে ক্রেতা সেজে এসে বিক্রেতাকে জিনিস দিতে বলে চোখের আড়াল করে নিমেষের মধ্যে অনলাইন পেমেন্ট স্ক্যানার পরিবর্তন করে দিচ্ছে।
স্থানীয় পেট্রোল পাম্পের কর্মী জানান, গ্রাহকরা স্ক্যান করছেন অথচ সেই টাকা আসল অ্যাকাউন্টে পড়ছে না। স্ক্যানার পরীক্ষা করে জানা যায় ছোটু তিওয়ারি নামে একটি অ্যাকাউন্টে সেই টাকা ঢুকছে। এরপরই পাম্প কর্তৃপক্ষ ওই স্ক্যানার সরিয়ে দেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনা কেবল খাজুরাহো নয়, বরং মধ্যপ্রদেশের অন্যান্য শহরেও হয়েছে। খাজুরাহো থানার ইন-চার্জ অতুল দীক্ষিতের কথায়, কোনও ব্যবসায়ী এখনও কোনও অভিযোগ দায়ের করেননি। তবে সবটাই নজরে এসছে। যে বা যারা এই প্রতারণার সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করা হবে বলেও আশ্বাস দেন তিনি।